বাড়িরাজ্যউপনির্বাচনকে সামনে রেখে ধর্মনগর পর্যালোচনা মূলক বৈঠক

উপনির্বাচনকে সামনে রেখে ধর্মনগর পর্যালোচনা মূলক বৈঠক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৮ মার্চ : ৯ এপ্রিল ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে প্রশাসনিক প্রস্তুতি আরও জোরদার করতে ধর্মনগরে অনুষ্ঠিত হল এক পর্যালোচনা মূলক বৈঠক। উত্তর জেলার জেলা শাসকের কনফারেন্স হলে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক ব্রিজেস পান্ডে। তাঁর সঙ্গে ছিলেন অতিরিক্ত নির্বাচন আধিকারিক ঊষা জেন মগ, রাজ্যের অতিরিক্ত ডিজিপি জি এস রাও এবং পুলিশ অবজারভার এস শীতেশ বিনো।

জেলার পক্ষ থেকে বৈঠকে অংশগ্রহণ করেন জেলাশাসক চাঁদনী চন্দ্রন, মহকুমা শাসক দেবযানী চৌধুরী, জেলা পুলিশ সুপার অবিনাশ রাই সহ নির্বাচনের সঙ্গে যুক্ত একাধিক প্রশাসনিক ও পুলিশ আধিকারিক। বৈঠকের শুরুতেই জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিথিদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়।

 বৈঠকে ভোটগ্রহণ প্রক্রিয়া, নিরাপত্তা ব্যবস্থা, লজিস্টিকস, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচন পর্যবেক্ষণ সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। নির্বাচন যাতে সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়, সে বিষয়েই বিশেষ জোর দেন মুখ্য নির্বাচন আধিকারিক। রিভিউ বৈঠক শেষে মুখ্য নির্বাচন আধিকারিক সহ অন্যান্য আধিকারিকরা ধর্মনগরের সরকারি বালিকা বিদ্যালয়ে গড়ে তোলা স্ট্রং রুম ও ভোট গণনা কেন্দ্র পরিদর্শন করেন। সেখানে প্রস্তুতির অগ্রগতি খতিয়ে দেখে প্রয়োজনীয় নির্দেশনাও প্রদান করা হয়। উপনির্বাচনকে ঘিরে প্রশাসনের এই সক্রিয়তা স্পষ্ট বার্তা দিচ্ছে—ধর্মনগরে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে কোনও রকম খামতি রাখা হচ্ছে না।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য