স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৫ মার্চ : সাধারণ মানুষকে দুর্ভোগের মধ্যে ঠেলে দিয়ে চম্পকনগর বাজারে গড়ে উঠছে উড়াল পুল। যার কারণে বৃহস্পতিবার চম্পকনগর বাজারে সড়ক অবরোধ করলো স্থানীয় এলাকাবাসী ও ব্যবসায়ীরা। জানা যায়, দীর্ঘ প্রায় ৭০ বছর পুরনো এই চম্পকনগর বাজার। জাতি জনজাতির বাজার বলতেই পরিচিত এটি। জিরানিয়া চম্পকনগর সহ পার্শ্ববর্তী প্রায় ৩৫ টি গ্রাম এই বাজারের উপর নির্ভরশীল। এলাকাবাসীদের বক্তব্য, চম্পকনগর বাজারের উপর দিয়ে প্রায় ২৬ ফুট উচ্চতায় একটি উড়ালপুল নির্মাণ করা হচ্ছে। একটি গিয়ে নামছে শ্মশান ঘাট। আরেকটি দিয়ে নামছে রামঠাকুর আশ্রম। মাঝখানে শুধু একটিমাত্র করিডোর। দুদিকে দেওয়াল।
এর অর্থ হচ্ছে এই বাজার দ্বিখন্ডিত করে দেওয়া। তাদের দাবি দুদিকে দেওয়াল না দিয়ে পিলারের মাধ্যমে করলে ঠিক ছিল। কিন্তু দুদিকে দেওয়াল দাঁড় করিয়ে ঐতিহ্যবাহী এই চম্পকনগর বাজারকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। সরকারি কাজে বাধা দেওয়ার কোন ইচ্ছে নেই তাদের। হাইওয়ে ওভারব্রিজ নিয়েও তাদের কোন আপত্তি নেই। কিন্তু যেভাবে এই হাইওয়ে ওভারব্রিজ গড়ে তোলা হচ্ছে সেটা তাদের জীবন জীবিকার উপর চরম আঘাত আনবে বলে দাবি করেছে তারা। যার কারণে বাধ্য হয়ে বৃহস্পতিবার তারা সড়ক অবরোধে নামে। দীর্ঘ সময় পর্যন্ত চলে তাদের এই পথ অবরোধ। পরে অবরোধ স্থলে আসতে দেখা যায় একজন প্রশাসনিক আধিকারিক কে। সেই প্রশাসনিক আধিকারিক এর হাতে তারা তাদের দাবি লিখিত আকারে তুলে দেয়।

