স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৭ ফেব্রুয়ারি : রেলের ওয়াগন দিয়ে এখন নেশার মতো বেআইনিভাবে পাথর আমদানির অভিযোগ উঠল। এই গুরুতর অভিযোগের নাম জড়ালো জিরানিয়ার রাষ্ট্রবাদী পাথর ব্যবসায়ী প্রদীপ দাসের। ট্রানজিট পাস ছাড়াই অবৈধভাবে পাথর আমদানির অভিযোগে চাঞ্চল্য ছড়ায় সাব্রুম রেল স্টেশনে। গোপন খবরের ভিত্তিতে বন দপ্তরের একটি বিশেষ দল গত সোমবার দুপুরে রেল স্টেশনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ পাথর বাজেয়াপ্ত করেছে। মোট ২১টি ওয়াগনে করে পাথর এসে পৌঁছায় সাব্রুম রেল স্টেশনে।
জিরানীয়ার পাথর ব্যবসায়ী প্রদীপ দাসের মাধ্যমে এই পাথর আনা হয়েছিল বলে জানা গেছে। বন দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে নথিপত্র যাচাই শুরু করলে দুর্নীতির বিষয়টি সামনে আসে। বন দপ্তরের দাবি অনুযায়ী, ওই ব্যবসায়ী মোট ৬৫০ কাম পাথর নিয়ে এসেছিলেন। কিন্তু বৈধ ট্রানজিট পাস চাইলে তিনি মাত্র ৪০০ কাম পাথরের নথি দেখাতে সক্ষম হন। বাকি ২৫০ কাম পাথরের কোনো বৈধ কাগজ দেখাতে না পারায় বন দপ্তরের কর্মীরা ওই পাথর বাজেয়াপ্ত করেন। বাজেয়াপ্ত করা পাথরগুলো বর্তমানে মনুবাজার ফরেস্ট রেঞ্জ অফিসে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে ব্যবসায়ীকে জিজ্ঞাসা করলে তিনি জানান বিভিন্ন সময় নির্দিষ্ট পরিমাণ থেকে অধিক পরিমাণে পাথর আসে। এগুলি সড়কপথে পুনরায় পাঠিয়ে দেওয়া হয়। কোন বেআইনি কার্যকলাপ নয় বলে দাবি করেন তিনি। রেলপথে পাথর মাফিয়াদের এই দৌরাত্ম্য রুখতে বন দপ্তর আগামী দিনে আরও কঠোর নজরদারি চালাবে বলে জানানো হয়েছে। তবে প্রশাসনকে ম্যানেজ করতে মাঠে নেমেছে খোদ রাষ্ট্রবাদী দলের নেতারা। এমনটাই সূত্রের খবর।

