Monday, February 16, 2026
বাড়িরাজ্যডেলিভারি বয় মৃত্যুকান্ডের ঘটনায় অভিযুক্তদের জামিন আবেদন খারিজ

ডেলিভারি বয় মৃত্যুকান্ডের ঘটনায় অভিযুক্তদের জামিন আবেদন খারিজ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৬ ফেব্রুয়ারি :  ধর্মনগরে ডেলিভারি বয় প্রসেনজিৎ সরকারের মৃত্যুর ঘটনায় ধৃত পিউ ধর ও মেঘদীপ ভট্টাচার্য-র জামিনের আবেদন খারিজ। আদালতে এই মামলার চার্জশিট জমা দিয়ে অভিযুক্তদের জেল হেপাজতে রেখে বিচার প্রক্রিয়া সম্পন্ন করার আবেদন জানালেন মামলার তদন্তকারি অফিসার।

জানা যায়, ধর্মনগরে ডেলিভারি বয় প্রসেনজিৎ সরকারের মৃত্যুর ঘটনার ধৃত ৫ অভিযুক্তর বেশ কয়েকবার জামিনের আবেদন খারিজ হয়ে যায় আদালতে। তারপরও এই মামলায় ধৃত পিউ ধর ও মেঘদীপ ভট্টাচার্য-র হয়ে তাদের আইনজীবী ধর্মনগর জেলা ও দায়রা আদালতে জামিনের আবেদন জানায়। সেই আবেদনের উপর সোমবার শুনানি হয় আদালতে। এইদিন তাদের জামিনের আবেদনের শুনানি চলাকালিন মামলার তদন্তকারি অফিসার এই মামলার চার্জশিট জমা দেন আদালতে। একই সাথে মামলার তদন্তকারি অফিসার আদালতে আবেদন জানান অভিযুক্তদের কাস্টডি ট্রায়াল অর্থাৎ অভিযুক্তদের যেন জেল হেপাজতে রেখে এই মামলার তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

 এইদিন আদালতে শুনানি শেষে মৃত প্রসেনজিৎ-এর পরিবারের পক্ষ থেকে নিযুক্ত করা আইনজীবী দেবদাস বক্সি জানান আদালত এইদিন চার্জশিট খতিয়ে দেখার পর অভিযুক্ত পিউ ধর ও মেঘদীপ ভট্টাচার্য-র জামিনের আবেদন খারিজ করে দেন। আদালতের পর্যবেক্ষণ তদন্তকারি অফিসার চার্জশিট জমা দেওয়ার পর যে সকল তথ্য জমা দিয়েছেন, এই সকল তথ্য অভিযুক্তদের বিরুদ্ধে। এই সময়ে অভিযুক্তদের জামিন দেওয়া হলে তারা সাক্ষীদের প্রভাবিত করতে পারে। স্বাভাবিক ভাবেই ধরে নেওয়া যায় দুই জনের জামিনের আবেদন এইদিন খারিজ হয়ে গেছে। আগামিদিনে বাকি তিন অভিযুক্তদেরও একই অবস্থা হবে। মঙ্গলবার এই মামলার বাকি তিন অভিযুক্তর জামিনের আবেদনের উপর শুনানি রয়েছে আদালতে। আশা করা হচ্ছে তাদের জামিনের আবেদনও খারিজ হয়ে যাবে। তবে আপাতত অভিযুক্তদের জামিন আদালত মঞ্জুর না করায় খুশি ধর্মনগরবাসী।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য