স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১০ ফেব্রুয়ারি : স্পেশাল এক্সিকিউটিভের ইন্টারভিউ নেওয়া হয়েছে চার বছর আগে, অথচ স্বচ্ছতার মাধ্যমে এখনো নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেনি সরকার। তাই চাকুরির দাবিতে মঙ্গলবার মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভের শামিল হয় চাকরি প্রত্যাশীরা। প্রায় ২০ থেকে ২৫ জন বেকার যুবক যুবতী সেদিন মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করে। তারপর শুরু করে বিক্ষোভ। খবর পেয়ে মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় পশ্চিম আগরতলা থানার পুলিশ। পুলিশ বিক্ষোভকারীদের টেনে হিঁচড়ে গাড়িতে তুলে নিয়ে যায়।
বিক্ষোভকারীদের বক্তব্য ২০২২ সালে স্পেশাল এক্সিকিউটিভের জন্য তাদের কাগজপত্র জমা নেওয়া হয়েছিল। গত চার বছরে এর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি। বহুবার দপ্তরের আধিকারিকদের সঙ্গে কথা হয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এখন পর্যন্ত দপ্তর থেকে তারা কোনরকম সদুত্তর মিলছে না কবে নাগাদ তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। তাই আজকে তারা মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করে দাবি জানাতে চায় অবিলম্বে যেন তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়। কেউ কেউ বলেন তাদের চাকরির বয়সসীমা অতিক্রম হয়ে যাচ্ছে। এটাই শেষ সুযোগ। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তারা দাবি করেন অবিলম্বে যেন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়।

