স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৭ ফেব্রুয়ারি : আগরতলা শহরে যেভাবে অভিযান চালানো হচ্ছে তা নিয়ে সাধারণ মানুষের পক্ষ থেকেও প্রতিবাদ হচ্ছে। কারণ যাদের উচ্ছেদ করা হচ্ছে তারাও বিজেপিকে ভোট দিয়েছিল। মানুষ যখন খেতে পায় না, মানুষের যখন কোন কর্মসংস্থানের ব্যবস্থা নেই। তখন আগরতলা শহর সুন্দর করার জন্য চেষ্টা করছে নিগম! এটা নিগমের স্বৈরাচারী ও ফ্যাসিবাদী মনোভাবের প্রকাশ। সংযুক্ত কিষান মোর্চার পক্ষ থেকে নিগমের এ ধরনের স্বৈরাচারী ও অগণতান্ত্রিক কার্যকলাপের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানানো হচ্ছে।
এমনটাই দাবি করলেন সংযুক্ত কিষান মোর্চার নেতা পবিত্র কর। শনিবার সারা ভারত কৃষক সভা রাজ্য কমিটির কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন মানুষের ধৈর্যের সীমা আছে। এই ধৈর্যের সীমা ভেঙ্গে ফেলছে বিজেপি। তিনি গুরুতর অভিযোগ তুলে বলেন, নিগমকে পয়সা দিয়ে যারা রাস্তার পাশে বসেছে তারা ঠিকই বসে আছেন। অর্থাৎ যারা বিজেপি পকেটে টাকা দিতে পারবে তাদের জন্য কোন আইন নেই। তবে বিজেপির শেষের শুরু হয়েছে। আগামী দিন আগরতলা পুর নিগমের নির্বাচন আসছে। এভাবেই ইঙ্গিত দিলেন পবিত্র কর। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, কৃষি ও দুগ্ধ পণ্য নিয়ে আমেরিকার সাথে ভারতের বাণিজ্য চুক্তির প্রতিবাদে সরব হয়েছে সংযুক্ত কিষান মোর্চা। আমেরিকার সাথে ভারতের বাণিজ্য চুক্তির প্রতিবাদে ১১ ফেব্রুয়ারি আগরতলা সহ বিভিন্ন মহকুমা গুলিতে মিছিল সংগঠিত করা হবে। পাশাপাশি নরেন্দ্র মোদী ও ডোনাল্ড ট্রাম্পের কুশ পুত্তলিকা পোড়ানো হবে।
তিনি আরও জানান পরবর্তী এক সপ্তাহে রাজ্যের প্রতিটি পঞ্চায়েত গ্রামে নরেন্দ্র মোদী ও ডোনাল্ড ট্রাম্পের কুশ পুত্তলিকা পুড়ে প্রতীবাদ জানানো হবে। কারন আমেরিকার সাথে ভারতের বাণিজ্য চুক্তির ফলে আমেরিকার কৃষি পণ্য ভারতে আসবে। এতে ভারতের কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে। আমেরিকার আপেল ভারতের বাজারে চলে আসবে। এতে দেশের আপেল চাষিরা ক্ষতিগ্রস্ত হবে বলে জানান তিনি। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত সংগঠনের অন্যান্য নেতৃত্ব।

