স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৬ ফেব্রুয়ারি :প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরীক্ষা পে চর্চার নবম সংস্করণ অনুষ্ঠিত হয় শুক্রবার। এইদিন বড়দোয়ালী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের সঙ্গে উপস্থিত থেকে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরীক্ষা পে চর্চার নবম সংস্করণ অনুষ্ঠান শ্রবন করেন। এইদিন ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে সম্বোধন করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন, বর্তমান রাজ্য সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে চলেছে শিক্ষা এবং স্বাস্থ্য ক্ষেত্রে।
দেশ এবং রাজ্য এগিয়ে যাওয়ার জন্য শিক্ষা এবং স্বাস্থ্য সবার আগে প্রয়োজন। মুখ্যমন্ত্রী আরো বলেন, পরীক্ষার সময় ছাত্র-ছাত্রীরা মানসিক ভাবে চাপে থাকে। যার কারনে অনেক জানা বিষয় ছাত্র-ছাত্রীরা পরীক্ষায় লিখতে পাড়ে না। তাই পরীক্ষার সময় ছাত্র-ছাত্রীরা যেন চাপ মুক্ত থাকতে পাড়ে তার জন্য এই পরীক্ষা পে চর্চা অনুষ্ঠান করে থাকেন প্রধানমন্ত্রী। অন্ধকার থেকে আলোর দিকে যাওয়ার সেতু হচ্ছে শিক্ষা। প্রধানমন্ত্রী এইদিন টাইম ম্যানেজমেন্ট নিয়েও কথা বলেছেন।
শিক্ষকদের উদ্দেশ্যে বলেছেন কোন দিন ক্লাসে কোন বিষয়ে পাঠ দান করা হবে তা আগে থেকে যেন ছাত্র-ছাত্রীদের জানিয়ে দেওয়ার জন্য। যাতে করে ছাত্র-ছাত্রীরা আগে থেকে জানতে পাড়ে কোন দিন ক্লাসে কোন বিষয়ে পড়ানো হবে। কেউ যদি মনে করে সে সব বিষয়ে বেশি জানে তবে সে ভুল করবে। বর্তমানে শিক্ষকরা যদি মনে করে পড়ুয়ারা তাদের থেকে কম জানে তবে তা ভুল হবে। প্রযুক্তির যুগে পড়ুয়ারা অনেক বেশি জেনে শুনে ক্লাসে যায়। তাই শিক্ষকদেরও আপডেট থাকতে হবে বলে জানান মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী এইদিন পরীক্ষা পে চর্চার মাধ্যমে সরাসরি পড়ুয়াদের সাথে কথা বলেন। এবং পরীক্ষার সময় পড়ুয়ারা যেন চাপ মুক্ত থাকতে পাড়ে তার জন্য পরামর্শ দেন। প্রতিবছর পরীক্ষার প্রাক মুহূর্তে প্রধানমন্ত্রী এই পরীক্ষা পে চর্চা অনুষ্ঠান করে থাকেন।

