স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৪ ফেব্রুয়ারি :ধর্মনগর মহকুমার অন্তর্গত তারকপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আবারও দুঃসাহসিক চুরি কাণ্ড সংগঠিত হলো। বিদ্যালয়ের আইসিটি ল্যাব থেকে বিপুল পরিমাণ শিক্ষা সামগ্রী চুরি যায়। বিদ্যালয়ের টিচার-ইন-চার্জ সুজিত গোস্বামী জানান, বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ আইসিটি ল্যাবের টেকনিশিয়ান ভানু নমঃ ল্যাব খুলতে এসে দেখতে পান দরজার তালা ভাঙা। সঙ্গে সঙ্গে বিষয়টি তিনি টিচার-ইন-চার্জকে জানালে শিক্ষক ও কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন।
দেখা যায়, তালা ভেঙে ল্যাব থেকে তিনটি কম্পিউটারের ডেস্কটপ, তিনটি প্রিন্টার, পাঁচটি ডিল মেশিন, একটি টেলিস্কোপ, একটি মোবাইল ট্যাব সহ অন্যান্য মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে গেছে চোরের দল। এই ঘটনার খবর কদমতলা থানায় ও কদমতলা আইএস অফিসে জানানো হয়। পরে আইএস সুধাংশু শেখর পাল এবং কদমতলা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গোটা বিষয়টি খতিয়ে দেখেন। বিদ্যালয়ের টিচার-ইন-চার্জ সুজিত গোস্বামীর কাছ থেকে লিখিত অভিযোগ গ্রহণ করে কদমতলা থানার পুলিশ তদন্ত শুরু করেছে। এই চুরির ঘটনায় বিদ্যালয়ের আইসিটি ভিত্তিক শিক্ষাব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান টিচার-ইন-চার্জ। এই চুরির ঘটনায় ছাত্রছাত্রীদের পড়াশোনায় বড়সড় ব্যাঘাত ঘটবে।

