স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৮ জানুয়ারি : সুশাসন জামানায় দুষ্কৃতিকারীদের দ্বারা রাতের বেলা কানি কানি ফসল নষ্ট হচ্ছে। অভিযোগ চড়িলাম বনকুমারি এলাকায়। ক্ষতিগ্রস্ত কৃষক হরিধন দেবনাথের বক্তব্য, প্রতিদিন রাতের বেলা দুষ্কৃতিকারীরা স্থানীয় কৃষকদের ফসল নষ্ট করে দিচ্ছে জমিতে।
এভাবে চললে না খেয়ে মরতে হবে। তারা জানান রাতের আঁধারে কৃষকের কৃষি ফসল ধ্বংস করা রাজ্যে নতুন সংস্কৃতির আমদানি হয়েছে। তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেও নিরুপায় হয়ে পড়েছেন বলে জানান অন্নদাতা হরিধন দেবনাথ।বেশ কয়েকদিন ধরে দুষ্কৃতিরা তাদের লাউ খেত, কপি খেত, খিরা ক্ষেত ধ্বংস করে দিচ্ছে।তারা কৃষিমন্ত্রী রতন লাল নাথ এবং মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার দৃষ্টি আকর্ষণ করে দাবি জানান এই আক্রমণ বন্ধ করতে প্রশাসন যেন পদক্ষেপ নেয়। নাহলে তাদের আত্মহত্যা করা ছাড়া উপায় থাকবে না।
পাশাপাশি তিনি বলেন কৃষিমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী যদি দুষ্কৃতিকারীদের গ্রেফতার করার জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশ না দেয় তাহলে তিনি আত্মহত্যা করলে এর দায়ভার নিতে হবে তাঁদের। কারণ দীর্ঘ ৪০ বছর ধরে তিনি কৃষি কাজের উপর নির্ভর করে সংসার পরিচালনা করেন। জীবনের শেষ পর্যায়ে এসে এই দিন দেখতে হবে সেটা কখনো ভাবতে পারেননি। একই অভিযোগ তুলেছেন রঞ্জন দেবনাথ নামে অপর কৃষক। গত কয়েকদিন ধরে সেই কৃষকেরও একই সমস্যা হচ্ছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান