স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৪ জানুয়ারি : মিড-ডে-মিল কর্মীদের বেতন–ভাতা বৃদ্ধি সহ একাধিক দাবিতে কমলপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ভারতীয় মজদুর সংঘ ধলাই জেলার উদ্যোগে। রবিবার কমলপুরের নজরুল ভবন হল ঘরে মিড-ডে-মিল কর্মীদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় মিড-ডে-মিল কর্মীদের বেতন ও ভাতা বৃদ্ধি, প্রতি বছর দুর্গা পূজার অনুদান প্রদান সহ আরও নানান গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়। উপস্থিত ছিলেন রাজ্য মিড-ডে-মিল সংঘের সভাপতি সুস্মিতা বসাক দত্ত, রাজ্য মিড-ডে-মিল সংঘের প্রভারি রুমা সাহা, ধলাই জেলা কর্মচারী সংঘের জেলা সভাপতি বিপ্লব দেববর্মা সহ সংগঠনের মহকুমার নেতৃত্ব। তারা বক্তব্যে রেখে বলেন, দীর্ঘদিন ধরে মিড-ডে-মিল কর্মীরা ন্যায্য বেতন ও সামাজিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। অবিলম্বে তাদের দাবি পূরণ করা না হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেন সংগঠনের নেতৃত্ব। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, খুব শীঘ্রই তারা তাঁদের দাবি-দাওয়া নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন এবং সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানাবেন।

