স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৭ ডিসেম্বর : বাইক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু বিশালগড়ের স্পেশাল ব্রাঞ্চে কর্মরত পুলিশ কনস্টেবল সজল মালাকারের। জানা যায় মঙ্গলবার রাতে কর্তব্য পালন করে সেকেরকোট স্থিত বাড়ি ফেরার পথে লক্ষ্মীবিল এলাকায় বিদ্যুতের খুঁটির সাথে বাইকের সংঘর্ষ হয়। সঙ্গে সঙ্গে তাকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে আগরতলার জিবিপি হাসপাতালে রেফার করেন। হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকের সমস্ত চেষ্টার পরেও মৃত্যুর কোলে ঢলে পড়ে সজল মালাকার।
তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। তবে বিশাল গড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এই দুর্ঘটনা ঘিরে। অনেকের প্রশ্ন সত্যিই কি দুর্ঘটনা? নাকি নেশা কারবারির দ্বারা খুন বিশালগড় পুলিশের স্পেশাল ব্রাঞ্চের কনস্টেবল সজল? ১৮ বছর ধরে বিশালগড় পুলিশের স্পেশাল বাঞ্চে চাকরি করেন। গাঁজা সহ বড়সড় নেশা কারবারিদের বিরুদ্ধে তথ্য সংগ্রহ করার দায়িত্বে ছিল সে। কেউ কেউ ধারণা করছে এই বিষয়কে কেন্দ্র করে খুন হয়েছেন সজল মালাকারকে। তবে এখন দেখার বিষয় পুলিশ স্থানীয় সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করতে পারি কিনা এবং ঘটনার সুষ্ঠু তদন্তে কি বের হয়ে আসে।

