স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১১ নভেম্বর :আমরা বাঙালী দলের পক্ষ থেকে সাত দফা দাবিতে ধলাই জেলা শাসকের মারফত রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট ডেপুটেশন দেওয়া হয়। আমরা বাঙালী ধলাই জেলা কমিটির উদ্যোগে জনস্বার্থ সম্পর্কিত দাবি গুলো অতি সত্বর পূরণের জন্য দাবি জানানো হয়। পরবর্তী সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দাবি গুলি তুলে ধরেন রাজ্য সম্পাদক গৌরাঙ্গ রুদ্রপাল।
তিনি বলেন, গত ২৩ শে অক্টোবর তথাকথিত সিভিল সোসাইটির তরফে ২৪ ঘন্টার ত্রিপুরা বনধকে কেন্দ্র করে শান্তির বাজারে স্থানীয় ব্যবসায়ী সহ প্রশাসনিক পদাধিকারীদের উপর বর্বরোচিত আক্রমণের ঘটনায় যুক্ত সমস্ত অপরাধীদের সনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। বনধকে কেন্দ্র করে শান্তির বাজারের ঘটনায় যারা শারীরিক ভাবে নিগৃহীত হয়েছেন তাদের প্রত্যকেকের চিকিৎসা সংক্রান্ত খরচ রাজ্য সরকারের প্রদান করা।
শান্তির বাজারে বনধকে কেন্দ্র করে দুষ্কৃতকারীদের আক্রমণে যাদের দোকান পাট ভাঙচুর, লুটপাট হয়েছে তাদের মধ্যে তদন্ত ক্রমে বেশী ক্ষতিগ্রস্ত প্রত্যেক দোকান মালিককে ৪০ লাখ ও কম ক্ষতিগ্রস্তদের ১০ লাখ টাকা করে নূন্যতম সরকারি সাহায্য দেওয়ার জন্য।
আমরা বাঙালী দলের প্রতিনিধিরা ধলাই জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করে শান্তির বাজারে পরিদর্শন করেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ও স্থানীয় লোকজনের সঙ্গে মতবিনিময় করেন দলের প্রতিনিধিগণ।

