স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৪ অক্টোবর :মুখ্যমন্ত্রী বক্তব্যের সমর্থন করলো আমরা বাঙালি। মঙ্গলবার আমার বাঙালি রাজ্য কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে দলের সম্পাদক গৌরাঙ্গ রুদ্রপাল বলেন, ৮ই অক্টোবর দক্ষিণ ত্রিপুরা শান্তিরবাজার মহকুমার বগাফা ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে রিয়াং জনগোষ্ঠীর ৩৩ তম হজগিরি অনুষ্ঠান হয়।
এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, ত্রিপুরার জনজাতি গোষ্ঠীর মধ্যে রিয়াংরা দ্বিতীয় বৃহত্তম জনগোষ্ঠী। তারা বহু আগে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম থেকে এ রাজ্যে এসেছে। কিন্তু মুখ্যমন্ত্রী বক্তব্যের পর রাজ্যের জনজাতি সমাজ এবং বিশেষ করে রিয়াং জনগোষ্ঠী একটি উল্লেখযোগ্য অংশ নতুন করে গো ব্যাক বাংলাদেশী স্লোগান তুলে রিয়াং জনগোষ্ঠীকে বাঙ্গালীদের বিরুদ্ধে নেওয়ার চেষ্টা করছে। এই ইস্যুতে ত্রিপুরার উপজাতি জনসমাজের অন্যান্যরা পিছন থেকে সমর্থন জোগালেও শাসক বিজেপি এবং বিরোধীদল সিপিআইএম ও কংগ্রেস সহ সব কটি দল চুপ হয়ে আছে। কারণ তারা জনজাতিদের ভোটব্যাংক নিয়ে ভয় পায়। যা একপ্রকার তোষণ নীতি। রাজ্যের রাজনীতি যদি এভাবে তোষণ নীতির মাধ্যমে ক্ষমতা দখলের পথ ধরে চলতে থাকে তাহলে ত্রিপুরার বৃহত্তম জনগোষ্ঠী বাঙালীর সর্বনাশ হবে।

