স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১০ অক্টোবর :গবাদি পশু ধান খাওয়াকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ। এতে ধারালো দায়ের কোপে গৌতম নায়েক নামে এক ব্যক্তির হাতের তিনটি আঙ্গুল কেটে পড়ে যায়। ঘটনা শুক্রবার কমলপুর থানার অন্তর্গত মহাবীর পঞ্চায়েতের নতুন বাগান গ্রামে। জানা যায় শুক্রবার সকালে মহাবীর পঞ্চায়েতের নতুন বাগান গ্রামের বাসিন্দা গৌতম নায়েকের ধানের জমিতে গ্রামের সুদাম তাঁতির গরু প্রবেশ করে ধান খাচ্ছিল।
গৌতম নায়েক সুদাম তাঁতিকে ডেকে ধানের জমি থেকে গরু নিয়ে যেতে বলে। এই নিয়ে শুরু হয় উভয়ের মধ্যে বাক যুদ্ধ। একটা সময় সুদাম তাঁতি দা দিয়ে গৌতম নায়েকের মাথায় কোপ দেয়। গৌতম নায়েক মাথা বাঁচাতে হাত দিয়ে দাটি আটকানোর চেষ্টা করে। এতে গৌতম নায়েকের হাতের ৩ টি আঙ্গুল কেটে পড়ে যায়। ঘটনার পর আহত গৌতম নায়েককে কমলপুর বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত গৌতম নায়েকের স্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ঘটনার বিষয়ে জানান।

