স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২১ সেপ্টেম্বর : সোনামুড়ার স্বর্ণ পাচারকে কেন্দ্র করে ২২ বছর বয়সী যুবক সুলেমান হোসেন হত্যাকাণ্ডের নয়া মোড়। হত্যাকণ্ডের মূল মাস্টার মাইন্ড হিসেবে নাম উঠে আসা রুকসানা বেগমের বাড়ি থেকে ১২ টি স্বর্ণের বিস্কুট শনিবার গভীর রাতে উদ্ধার করেছে বিএসএফ, কাস্টম ও সোনামুড়া থানার পুলিশ। তার ঘরের পেছন দিকে এই সোনার বিস্কুট গুলি মাটি চাপা অবস্থায় লোকানো ছিল বলে জানা গেছে। বর্তমানে এগুলি কাস্টমসের হেপাজতে রয়েছে।
এদিকে সকাল হতেই পুনরায় উত্তেজনা ছাড়ায় এন.সি নগরে। রাতের এই খবর চাউর হতেই উত্তেজিত জনতা রবিবার দুপুর দিকে ভাঙচুর চালায় রুকসানা ও অপর এক অভিযুক্তের বাড়িতে। ঘরের জিনিসপত্র বাইরে এনে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত লোকজন। উল্লেখ্য, গত ১০ সেপ্টেম্বর এই খুনের ঘটনা প্রকাশ্যে আসে। কয়েকজন দুস্কৃতিকারী রাতভর গোপন ডেরায় আটকে রেখে সুলেমানকে খুন করে। সকালে সোনামুড়া হাসপাতালে দেহ ফেলে দিয়ে যায়। তার তিনদিন আগে বাংলাদেশ থেকে সোনা পাচারকারীরা কয়েকটি সোনার বিস্কিট তারকাটার বেড়ার ওপর ঢিল ছুড়ে সীমান্তের এপারে ফেলেছিলো। তা সংগ্রহ করার কথা ছিল সুলেমানের। কিন্তু তা সে পায়নি। এই অবিশ্বাস থেকেই এই খুনের ঘটনা বলে অনুমান পুলিশের। তখনই পুলিশ গ্রেপ্তার করে রুকসানাকে। বর্তমানে সে জেল হাজতে রয়েছে। মৃতের পরিবারের পক্ষ থেকে আরো ৭ জনের নামে সোনামুড়া থানায় মামলা করা হলেও তারা এখনো পলাতক। বর্তমানে পরিস্থিতি প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান