স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩০ আগস্ট : ফটিকরায় থানাধীন শ্রীপুর এলাকায় ২০৮ নং বিকল্প জাতীয় সড়কের রাস্তার বেহাল দশা। শনিবার দুপুরে রাস্তাটির বেহাল দশা নিয়ে গাড়ি চালকরা সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভ প্রকাশ করেছেন। অভিযোগ বিগত ২০২৩ সালে হরিয়ানার রাজ্য থেকে আসা জিৎ কনস্ট্রাকশন নামে একটি কোম্পানি রাস্তার কাজ সম্পন্ন করে। তারপর থেকে সংশ্লিষ্ট সংস্থার বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতি স্থানীয়দের ধারাবাহিকভাবে নজরে আসে। তাই শনিবার কাজের গুনগত মান নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী।
তারা জানান কাজটিও অতি নিম্নমানের হয়েছে। কৈলাসহর থেকে কমলপুর যাওয়ার বিকল্প জাতীয় সড়কের বহু স্থানে রাস্তার বেহাল দশা নিয়ে প্রতিনিয়ত সাধারণ মানুষ কষ্টের সম্মুখীন হতে হচ্ছে। এই কাজটি তদারকির দায়িত্বে রয়েছে কুমারঘাট এন.এইচ.আই.ডি.সি.ই.এল -এর ডিজিএম অফিস।
কিন্তু বহি:রাজ্যের জিৎ কন্সট্রাকশনের ভূমিকা নিয়ে সাধারণ মানুষ অত্যন্ত ক্ষুব্ধ। কারণ রাস্তা নির্মাণের কাজ এতটাই নিম্নমানের যে কোন যাত্রীবাহী গাড়ি, অ্যাম্বুলেন্স চলাচল করতে পারে না। বহুবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও কোনরকম আশ্বাস পাওয়া যায়নি তাদের কাছ থেকে। শুক্রবার রাতের বেলা দুটি গাড়ি দুর্ঘটনায় পড়ে এই সড়কে। তারপর থেকে প্রায় ১০ থেকে ১৫ টি পণ্যবাহী এই গাড়ি এই রাস্তায় আটকে পড়ে। শনিবার দুপুর পর্যন্ত কোন প্রশাসনিক কর্মকর্তা ঘটনাস্থলে আসেন নি। একটি জেসিপি পাঠিয়ে দায়িত্ব খালাস করে দিয়েছেন প্রশাসনিক আধিকারিকরা। অবিলম্বে রাস্তাটি সংস্কার না করা হলে তারা আন্দোলনে নামতে বাধ্য হবে বলে জানান। গত কয়েকদিন আগে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নির্দেশে একটি প্রতিনিধি দল রাজ্যে এসে জাতীয় সড়ক পরিদর্শন করে গেছেন। তারা কেন্দ্রীয় মন্ত্রী কাছে রিপোর্ট জমা দেওয়ার পর রাস্তা সংস্কারের কাজে হাত লাগাতে পারে বলে খবর।

