স্যন্দন ডিজিটাল ডেস্ক নভেম্বর ২৯ : বাইশ গজে তিনি কী করতে পারেন, তা সবারই জানা। কিন্তু নিয়মিত সুযোগ না পেয়ে লাল বলের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মহম্মদ শামি। এবার তাঁকে দেখা গেল নতুন ‘পিচে’। ভারতীয় দলের তারকা পেসার কি এবার রাজনীতির ময়দানে পা রাখতে চলেছেন? এগিয়ে আসছে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন। তার আগেই নয়াদিল্লিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গে দেখা করলেন ৩৬ বছরের পেসার।
শামি-নীতিনের বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতি কুনওয়ার বাসিত আলিও। যদিও কী নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে, তা জানা যায়নি। তবে টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণার কয়েক সপ্তাহের মধ্যে বিজেপির সর্বভারতীয় সভাপতির এই সাক্ষাতের পর রাজনৈতিক মহলে কানাঘুষো, তাহলে কি বিজেপিতে যোগ দিতে চলেছেন আন্তর্জাতিক ক্রিকেটে ৪৬২ উইকেটের মালিক? তবে বিজেপিতে যোগ দেওয়ার বিষয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।
গত এক সপ্তাহের কিছু বেশি সময়ের মধ্যে ভারতীয় ক্রিকেটারদের রাজনীতির সঙ্গে যোগসূত্রের দ্বিতীয় ঘটনা এটি। গত ২১ নভেম্বর বিজেপিতে যোগ দিয়েছিলেন লেগস্পিনার যুজবেন্দ্র চহাল। তাঁকে বিজেপির ওবিসি মোর্চার জাতীয় কার্যনির্বাহী কমিটির বিশেষ আমন্ত্রিত সদস্য হিসাবেও মনোনীত করা হয়েছে। এবার শামি-নীতিন সাক্ষাৎ। যদিও রাজনৈতিক মহলে শামিকে নিয়ে জল্পনা অবশ্য নতুন নয়। গত সেপ্টেম্বরে কেন্দ্রীয় মন্ত্রী তথা রাষ্ট্রীয় লোক দল (আরএলডি)-র প্রধান জয়ন্ত চৌধুরীর সঙ্গে তাঁর সাক্ষাৎ ঘিরেও রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছিল। উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের আগে সেই সাক্ষাৎকে নিয়ে নানা কানাঘুষো হয়। অনেকেই বলেছিলেন, আমরোহা সদর বিধানসভা কেন্দ্র থেকে শামিকে নাকি প্রার্থী করার কথা ভাবা হচ্ছে। যদিও আরএলডির তরফে জানানো হয়েছিল, আমরোহায় ক্রীড়া পরিকাঠামো উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ করায় জয়ন্তকে ধন্যবাদ জানাতেই শামি তাঁর সঙ্গে দেখা করেছিলেন।
২০২৩ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ টেস্ট খেলেছিলেন শামি। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের পর আর জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি তাঁকে। জাতীয় দলে জায়গা না পেলেও ঘরোয়া ক্রিকেটে উজ্জ্বল ‘সাহসপুর এক্সপ্রেস’। প্রায় দেড় দশক পর ইস্ট জোনের দলীপ ট্রফি জয়ের নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তাঁর। তাঁকে জাতীয় দলে না দেখে সমালোচনায় সরব হয়েছিলেন প্রাক্তন ক্রিকেটাররা। অবসরের ঘোষণা করার সময় শামি অবশ্য স্পষ্ট করে দিয়েছিলেন, সাদা বলের ক্রিকেট খেলবেন। আইপিএলও খেলবেন। তবে এবার প্রশ্নটা ভিন্ন, জাতীয় দলের জার্সির বদলে কি শামি এবার গায়ে তুলবেন রাজনীতির পোশাক? বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গে শামি দেখা করায় সেই জল্পনা বেড়েছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান