Sunday, November 29, 2026
বাড়ি জাতীয় ১৬ মাস পার, এখনও সরকারি বাংলো পেলেন না প্রাক্তন উপরাষ্ট্রপতি ধনকড়! ব্যক্তিগত ফ্ল্যাটই ঠিকানা

১৬ মাস পার, এখনও সরকারি বাংলো পেলেন না প্রাক্তন উপরাষ্ট্রপতি ধনকড়! ব্যক্তিগত ফ্ল্যাটই ঠিকানা

১৬ মাস পার, এখনও সরকারি বাংলো পেলেন না প্রাক্তন উপরাষ্ট্রপতি ধনকড়! ব্যক্তিগত ফ্ল্যাটই ঠিকানা

স্যন্দন ডিজিটাল ডেস্ক নভেম্বর ২৯ :  সরকারি বাংলোর জন্য দফায় দফায় আবেদন সত্ত্বেও এখনও বাড়ি পেলেন না প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়। পদ থেকে ইস্তফা দেওয়ার প্রায় ১৬ মাস পর অবশেষে দিল্লিতে নিজের ফ্ল্যাটে উঠতে চলেছেন তিনি। রবিবার এই তথ্য প্রকাশ্যে এনে প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের সচিব অভ্যুদয় সিং শেখাওয়াত জানিয়েছেন, বারবার আবেদন সত্ত্বেও প্রাক্তন উপরাষ্ট্রপতির জন্য বাংলো এখনও বরাদ্দ করা হয়নি।


এদিন এক্স হ্যান্ডেলে এই বিষয়ে তথ্য দিয়ে ধনকড়ের সচিব জানিয়েছেন, ‘প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় ১ ডিসেম্বর ইন্ডিয়া ইন্ডিয়া গেটের কাছে তিলক মার্গে তাঁর ব্যক্তিগত ফ্ল্যাটে উঠে যাচ্ছেন। যতদিন না তাঁর প্রাপ্ত সরকারি বাংলো বরাদ্দ হচ্ছে ততদিন এই ঠিকানাতেই থাকছেন তিনি।’ দায়িত্ব থেকে ইস্তফার পর এতদিন পেরিয়ে গেলেও কেন তিনি বাংলো পাচ্ছেন না? স্বাভাবিকভাবেই এ নিয়ে প্রশ্ন উঠছে। তবে কেন্দ্রীয় আবাসন এবং নগর বিষয়ক মন্ত্রকের এক আধিকারিককে উদ্ধৃত করে সংবাদমাধ্যমের তরফে জানানো হয়েছে, ধনকড়ের বাংলোর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত মন্ত্রীপর্যায়ে নেওয়া হবে।


ভাইস প্রেসিডেন্টস পেনশন অ্যাক্ট ১৯৯৭ অনুযায়ী, ভারতের প্রাক্তন উপরাষ্ট্রপতি মাসিক ২ লক্ষ টাকা পেনশন পাবেন। এছাড়াও টাইপ এইট (পদাধিকারীদের মধ্যে সর্বোচ্চ স্তর) বাংলো পাবেন নিজের পছন্দমতো স্থানে। ওই বাড়ির ভাড়া, ইলেকট্রিক, জল, ফোন, আসবাব-সমস্ত কিছুই বিনামূল্যে পাবেন প্রাক্তন উপরাষ্ট্রপতি। এছাড়াও রেল এবং বিমানে যাতায়াত, চিকিৎসার খরচও নেওয়া হয় না তাঁর থেকে। এই যাবতীয় সুযোগসুবিধা ধনকড়েরও প্রাপ্য। ধনকড়ের আগে উপরাষ্ট্রপতি ছিলেন এম ভেঙ্কাইয়া নায়ডু। তাঁর ইস্তফার মাস দুয়েকের মধ্যেই বাংলোর ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু বাংলার প্রাক্তন রাজ্যপাল ধনকড়ের কপালে এখনও জোটেনি প্রাপ্য বাংলো। ইস্তফা দেওয়ার ৬ সপ্তাহ পরে তিনি থাকতে শুরু করেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমপ্রকাশ চৌটালার পুত্র অভয়ের ফার্ম হাউসে। ঘনিষ্ঠদের মতে, কয়েকদিনের জন্য ওই ফার্মহাউসে গিয়েছিলেন ধনকড়। কিন্তু একবছর ধরে সেখানেই থাকতে হয় তাঁকে। এবার সেখান থেকে দিল্লির ফ্ল্যাটে উঠছেন তিনি।


উল্লেখ্য, ২০১৯ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত বাংলার রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করেছেন জগদীপ ধনকড়। এরপর দেশের উপরাষ্ট্রপতি পদে তাঁকে নিয়োগ করা হয়। তবে ৫ বছরের মেয়াদ শেষের আগেই ২০২৫ সালের ২১ জুলাই গোটা দেশকে অবাক করে এই পদ থেকে ইস্তফা দেন তিনি। তারপর কার্যত লোকচক্ষুর অন্তরালে চলে যান ধনকড়।


Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha