Saturday, November 28, 2026
বাড়ি জাতীয় টানেলের ভিতরে মালগাড়ির ইঞ্জিন লাইনচ্যুত, বিপর্যস্ত লামডিং–বদরপুর পাহাড়ি রেলপথ

টানেলের ভিতরে মালগাড়ির ইঞ্জিন লাইনচ্যুত, বিপর্যস্ত লামডিং–বদরপুর পাহাড়ি রেলপথ

টানেলের ভিতরে মালগাড়ির ইঞ্জিন লাইনচ্যুত, বিপর্যস্ত লামডিং–বদরপুর পাহাড়ি রেলপথ

হাফলং (অসম), ২৮ নভেম্বর (হি স): টানেলের ভিতরে তেলবাহী মালগাড়ির ইঞ্জিনের চাকা লাইনচ্যুত হওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে লামডিং–বদরপুর পাহাড়ি রেলপথে ট্রেন চলাচল। দুর্ঘটনায় রেললাইনের ব্যাপক ক্ষতি হয়েছে। তার উপর টানেলের ভিতরে দুর্ঘটনা ঘটায় উদ্ধার ও মেরামতির কাজেও তৈরি হয়েছে নানা সমস্যা। পরিস্থিতি সামাল দিতে শনিবার ১১টি যাত্রিবাহী ট্রেন বাতিল করেছে উত্তর-পূর্ব সীমান্ত রেল। পাশাপাশি চারটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাহাড়ি রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি।

রেল সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে উত্তর-পূর্ব সীমান্ত রেলের লামডিং ডিভিশনের অধীন বন্দারখাল ও দামছড়া স্টেশনের মধ্যবর্তী অংশে একটি তেলবাহী মালগাড়ির ইঞ্জিনের চাকা লাইনচ্যুত হয়। দুর্ঘটনাটি ঘটে বন্দারখালের কাছে একটি টানেলের ভিতরে। এর ফলে রেললাইনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং ওই একক রেলপথে ট্রেন চলাচল সম্পূর্ণ ব্যাহত হয়ে পড়ে।

উত্তর-পূর্ব সীমান্ত রেলের মালিগাঁওস্থিত মুখ্য জনসংযোগ আধিকারিক শনিবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, দুর্ঘটনাগ্রস্ত রেলপথ পুনরুদ্ধারে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার ও মেরামতির কাজ চলছে। তবে পাহাড়ি এলাকার দুর্গম ভৌগোলিক অবস্থান এবং টানেলের ভিতরে দুর্ঘটনা ঘটায় কাজ যথেষ্ট জটিল হয়ে উঠেছে। ফলে স্বাভাবিক ট্রেন চলাচল পুনরায় শুরু হতে আরও সময় লাগতে পারে।

রেল কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৮ নভেম্বর বাতিল করা হয়েছে মোট ১১টি যাত্রিবাহী ট্রেন। সেগুলি হল—১২৫০৪ আগরতলা–এসএমভিবি এক্সপ্রেস, ১৫৬১৬ শিলচর–গুয়াহাটি এক্সপ্রেস, ১৫৬২৬ আগরতলা–দেওঘর এক্সপ্রেস, ১৫৬৪১ শিলচর–নিউ তিনসুকিয়া এক্সপ্রেস, ১৫৬১০ আইজল (সাইরাং)–গুয়াহাটি এক্সপ্রেস, ১৫৬১১ রঙ্গিয়া–শিলচর এক্সপ্রেস, ১৫৬৫০ নারেঙ্গি–আগরতলা এক্সপ্রেস, ১৫৬৪৯ আগরতলা–নারেঙ্গি এক্সপ্রেস, ১৫৬১২ শিলচর–রঙ্গিয়া এক্সপ্রেস, ১৫৬১৭ গুয়াহাটি–দুল্লভছড়া এক্সপ্রেস এবং ১৫৬১৫ গুয়াহাটি–শিলচর এক্সপ্রেস।

এ ছাড়া চারটি দূরপাল্লার ট্রেনের যাত্রাপথও সংক্ষিপ্ত করা হয়েছে। ২৬ নভেম্বর যাত্রা শুরু করা ১১৬৬৫ রানি কমলাপতি–আগরতলা এক্সপ্রেসের যাত্রা নিউ হাফলং স্টেশনে শেষ হবে। নিউ হাফলং থেকে আগরতলা পর্যন্ত ট্রেনটির পরিষেবা বাতিল রাখা হয়েছে। ২৭ নভেম্বর যাত্রা শুরু করা ১৩১৭৩ শিয়ালদহ–সাব্রুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যাত্রা শেষ হবে লামডিংয়ে। লামডিং থেকে সাব্রুম পর্যন্ত ট্রেনটি চলবে না।

একই ভাবে ২৬ নভেম্বর যাত্রা শুরু করা ১৪০৩৮ পূর্বোত্তর সম্পর্কক্রান্তি এক্সপ্রেসের যাত্রাও লামডিংয়ে শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লামডিং থেকে শিলচর পর্যন্ত ওই ট্রেনের পরিষেবা বাতিল থাকবে। অন্য দিকে, ২৭ নভেম্বর যাত্রা শুরু করা ১৫৬৫০ নারেঙ্গি–আগরতলা এক্সপ্রেসের যাত্রা নিউ হাফলংয়ে শেষ হবে। সেখান থেকে আগরতলা পর্যন্ত ট্রেনটি চলবে না।

রেলের এই সিদ্ধান্তে বরাক উপত্যকা, ডিমা হাসাও পাহাড়ি জেলা এবং রাজ্যের অন্যান্য অংশের মধ্যে রেল যোগাযোগে ব্যাপক প্রভাব পড়েছে। বিশেষ করে শিলচর, হাফলং, লামডিং ও আগরতলাগামী যাত্রীরা চরম ভোগান্তির আশঙ্কায় রয়েছেন। দূরপাল্লার যাত্রীদের পাশাপাশি নিত্যযাত্রীদেরও সমস্যায় পড়তে হচ্ছে।

দুর্ঘটনাস্থল টানেলের ভিতরে হওয়ায় ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত এবং লাইনচ্যুত ইঞ্জিন উদ্ধারের কাজ সহজ হচ্ছে না। পাহাড়ি রেলপথের দুর্গমতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। কবে নাগাদ ওই পথে ট্রেন চলাচল স্বাভাবিক হবে, সে বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু জানাতে পারেনি রেল কর্তৃপক্ষ। যাত্রীদের যাত্রা শুরুর আগে সংশ্লিষ্ট ট্রেনের সর্বশেষ চলাচল সংক্রান্ত বিজ্ঞপ্তি ও সংশোধিত সময়সূচি যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

 

 

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha