Wednesday, October 7, 2026
বাড়ি জাতীয় ‘ককরোচ নয়, মচ্ছর হও’, বীর পাইলটকে হাতিয়ার করে যুব মন জয়ের প্রচার বিজেপির, তুঙ্গে বিতর্ক

‘ককরোচ নয়, মচ্ছর হও’, বীর পাইলটকে হাতিয়ার করে যুব মন জয়ের প্রচার বিজেপির, তুঙ্গে বিতর্ক

‘ককরোচ নয়, মচ্ছর হও’, বীর পাইলটকে হাতিয়ার করে যুব মন জয়ের প্রচার বিজেপির, তুঙ্গে বিতর্ক

স্যন্দন ডিজিটাল ডেস্ক ৭ অক্টোবর :  স্মিত মচ্ছর। গত এক সপ্তাহ ধরে ভারতের গর্বের প্রতীক হয়ে উঠেছেন এই পাইলট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং ফোনে কথা বলেছেন তাঁর সঙ্গে। এবার সেই মচ্ছরকেই প্রচারের মুখ করল বিজেপি! সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে বিজেপি যুব মোর্চার পোস্টারের ছবি। সেখানে ককরোচ জনতা পার্টিকে তোপ দেগে ভূয়সী প্রশংসা করা হয়েছে ভারতীয় পাইলটের।


তৎকালীন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে টানা আন্দোলন করেছে সিজেপি। তাদের দাবি মেনে শেষ পর্যন্ত পদত্যাগ করেন ধর্মেন্দ্র। এবার ‘ককরোচ’দের নিশানায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। ইতিমধ্যেই মুম্বইয়ে জ্ঞানেশের ইস্তফার দাবিতে একদফা কর্মসূচি করেছে ‘ককরোচ’রা। আগামী ১০ অক্টোবর ফের যন্তরমন্তরে তাঁরা জমায়েত হবেন। দলের তরফ থেকে সাফ বলা হয়েছে, জ্ঞানেশ যতক্ষণ না ইস্তফা দেবেন ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে সিজেপি। উল্লেখ্য, রাজনৈতিক দল না হলেও ‘ককরোচ’দের প্রতি বিজেপির মনোভাব যথেষ্ট শত্রুভাবাপন্ন।


এহেন পরিস্থিতিতেই মাঝআকাশে অসামান্য বীরত্বের নিদর্শন রেখেছেন স্মিত মচ্ছর। ‘জঙ্গি’ পাইলটের হাত থেকে গোটা বিমানকে রক্ষা করেছেন গুরুতর আহত অবস্থাতেও। সেই সাহসকে কুর্নিশ জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, “স্মিতের এই আচরণে বোঝা যায় ভারতীয়রা কখনও প্রাণ নেওয়াকে সমর্থন করে না, বরং জীবন দান করার চেষ্টা করে।” তারপরই প্রকাশ্যে এল বিজেপির নতুন হোর্ডিং। সেখানে বলা হয়েছে, ‘জীবন যদি তোমাকে সুযোগ দেয় তাহলে মচ্ছর হও, ককরোচ নয়।’ সঙ্গে আরশোলা এবং বীর পাইলটের ছবিও ব্যবহার করেছে গেরুয়া শিবির।


কিন্তু ‘মচ্ছর’ পদবিটাকে যেভাবে ‘মশা’ হিসাবে তুলে ধরা হয়েছে তাতে ক্ষুব্ধ নেটিজেনদের একাংশ। কেউ বলছেন, ‘এমন বীর পাইলটের পদবির তুলনা হচ্ছে আরশোলার সঙ্গে সেটা অত্যন্ত কষ্টকর।’ মচ্ছর পদবিধারীদের তোপ, তাঁদের পদবি ব্যবহার করে অহেতুক রাজনীতি চলছে। এটা মচ্ছর পদবিকে খাটো করা, বন্ধ হওয়া উচিত। কেউ বা মনে করিয়ে দিয়েছেন, এক পাইলটের সাহসকে রাজনৈতিক স্টান্ট বানিয়ে ফেলা উচিত নয়। তবে বিতর্কের মধ্যে এই বিষয়টি নিয়ে মুখ খোলেনি বিজেপি। পোস্টার সরানো হয়েছে কিনা, জানা নেই।


Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha