স্যন্দন ডিজিটাল ডেস্ক, ২৭ সেপ্টেম্বর : এসআইআর, সহকর্মীদের উপেক্ষা, নিয়ম বহির্ভূত কাজ, এ হেন বহু অভিযোগে এমনিতেই বিদ্ধ দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার । এবার তাঁর বিরুদ্ধে নয়া অভিযোগ। কেরলের প্রাক্তন মুখ্যসচিব জিজি টমসন দাবি করলেন, তাঁকে বিজেপির টিকিটে নির্বাচনে লড়তে বলেছিলেন জ্ঞানেশ। বিরোধীরা বলছে, একজন আইএএস আধিকারিক হয়েও জ্ঞানেশ বিজেপির ‘নিয়োগকর্তা’ হিসাবে কাজ করছেন।
জিজি টমসন দাবি করেছেন, ২০১৯ সালে জ্ঞানেশ তাঁকে বিজেপির টিকিটে লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে বলেছিলেন। টমসন কেরলের এক প্রথম সারির সংবাদমাধ্যমকে বলেছেন, “আমি সেসময় কেরলের মুখ্যসচিব হিসাবে কাজ করছিলাম। আমরা একটা বিমানে একসঙ্গে যাচ্ছিলাম। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গুণগান গাইছিলেন। এবং সরাসরি আমাকে প্রস্তাব দিলেন, আমি পাথানামিত্থা আসন থেকে বিজেপির টিকিটে লড়তে চাই কিনা। কার্যত জোরাজুরি শুরু করে দেন জ্ঞানেশ। আমি অবশ্য সরাসরি না বলে দিয়েছিলাম।”
প্রাক্তন ওই আমলার বক্তব্যকে হাতিয়ার করে বিজেপি তথা জ্ঞানেশকে নিশানা করেছে কংগ্রেস। নিয়ম অনুযায়ী, কর্তব্যরত কোনও সরকারি আমলা এভাবে সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত থাকতে পারেন না বা রাজনৈতিক প্রচার করতে পারেন না। কেরলের প্রাক্তন মুখ্যসচিবের বক্তব্য প্রকাশ্যে আসতেই রাহুল গান্ধী ফের জ্ঞানেশকে কটাক্ষ করেছেন। সোশাল মিডিয়ায় বিরোধী দলনেতা লিখেছেন, “জ্ঞানেশ কুমার আমলা থাকাকালীনও বিজেপির হয়ে রিক্রুটার হিসাবে কাজ করতেন। তারপরই মোদি-শাহ তাঁকে ম্যাচ ফিক্স করার জন্য আম্পায়ার হিসাবে নিয়োগ করেন।”
বলে রাখা দরকার, সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যম জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন। অভিযোগ, অন্য দুই নির্বাচন কমিশনারের কথা রীতিমতো উপেক্ষা করেছেন। গত ১০ মাসে বিভিন্ন বিষয়ে অন্তত ১৪ বার কমিশনের বিভিন্ন সিদ্ধান্তের লিখিত আপত্তি জানিয়েছিলেন দুই নির্বাচন কমিশনার। কিন্তু তাতে কর্ণপাত করেননি জ্ঞানেশ। এই আপত্তির তালিকায় যেমন SIR রয়েছে, তেমন রয়েছে ভোটপ্রক্রিয়াও। এই অভিযোগগুলি সামনে আসার পর বিরোধীরা জ্ঞানেশকে সরাতে একযোগে পথে নামছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান