স্যন্দন ডিজিটাল ডেস্ক, ২৭ সেপ্টেম্বর : এক ছাত্রীকে গণধর্ষণ! তারপরই আত্মঘাতী নির্যাতিতা! এমনই অভিযোগকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল পাঞ্জাবের লাভলি প্রফেশনাল বিশ্ববিদ্যালয় । শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত ক্যাম্পাসে বিক্ষোভ দেখান একদল পড়ুয়া। চলে ভাঙচুর। এমনকী অগ্নিসংযোগও করে দেওয়া হয়। তবে অভিযোগ মানতে নারাজ পুলিশ। তাদের দাবি, এধরনের ঘটনার কোনও তথ্য তাদের কাছে নেই। অন্যদিকে, সমস্ত অভিযোগ ‘মিথ্যা’ এবং ‘ভিত্তিহীন’ বলে খারিজ করে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিক্ষোভকারীদের অভিযোগ, সম্প্রতি ক্যাম্পাসের ভিতর এক ছাত্রী গণধর্ষণের শিকার হন। বিষয়টি জানাজানি হতেই কর্তৃপক্ষ নির্যাতিতাকে বাড়ি পাঠিয়ে দেয়। এর কয়েকদিন পর ওই ছাত্রীর রুমমেট অন্য শিক্ষার্থীদের জানান যে, নির্যাতিতা আত্মঘাতী হয়েছেন। তারপরই উত্তপ্ত হয়ে ওঠে ক্যাম্পাস চত্বর। জানা যাচ্ছে, শনিবার রাতে প্রায় হাজার পড়ুয়া বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর চালান। চলে ইটবৃষ্টি। বিভিন্ন জায়গায় লাগিয়ে দেওয়া হয় আগুন। ভেঙে দেওয়া হয় সমস্ত জানলার কাচ। পাশাপাশি, জলন্ধর-ফাগওয়ারা জাতীয় সড়ক অবরোধ করেও বিক্ষোভ দেখান শিক্ষার্থীরা।
খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তাদের দাবি, ধর্ষণের কোনও অভিযোগই দায়ের হয়নি। তদন্তকারীরা জানাচ্ছেন, চার-পাঁচ দিন আগে ক্যাম্পাসের কাছে এক তরুণী আত্মহত্যা করেছিলেন। সেই ঘটনার একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়। কিন্তু সেই মৃত্যুর সঙ্গে এই ঘটনার কোনও সম্পর্ক নেই। এদিকে সমস্ত অভিযোগ খারিজ করে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তারা জানিয়েছে যে, শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি ছড়াতে এবং ক্যাম্পাসের পরিবেশ বিঘ্নিত করতে সমাজমাধ্যমে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান