Wednesday, September 23, 2026
বাড়ি জাতীয় বিভিন্ন রাজ্যে নতুন ইনচার্জ ও সহ-ইনচার্জ নিয়োগ বিজেপির

বিভিন্ন রাজ্যে নতুন ইনচার্জ ও সহ-ইনচার্জ নিয়োগ বিজেপির

বিভিন্ন রাজ্যে নতুন ইনচার্জ ও সহ-ইনচার্জ নিয়োগ বিজেপির

কলকাতা, ২৩ সেপ্টেম্বর (হি. স.) : আগামী দিনের সাংগঠনিক কাজকর্মকে আরও গতিশীল ও মজবুত করতে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য নতুন ‘ইনচার্জ’ (ভারপ্রাপ্ত) এবং ‘কো-ইনচার্জ’ (সহ-ভারপ্রাপ্ত)-দের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দলের সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন অনুমোদিত এই নতুন তালিকা প্রকাশ করা হয়েছে। বুধবার দলের জাতীয় সদর দফতরের দায়িত্বে থাকা বর্ষীয়ান সাংসদ তরুণ চুঘ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা করে জানান, এই নিয়োগ অবিলম্বে কার্যকর করা হচ্ছে।

প্রকাশিত তালিকা অনুযায়ী, কেন্দ্রীয় মন্ত্রী তথা বর্ষীয়ান নেত্রী স্মৃতি ইরানিকে হরিয়ানার ইনচার্জ করা হয়েছে এবং ভোলা সিংকে সহ-ইনচার্জ করা হয়েছে। একইসঙ্গে ছত্তিশগড়ের দায়িত্বও স্মৃতি ইরানির কাঁধেই ন্যস্ত করা হয়েছে, যেখানে সিদ্ধার্থ সম্ভু সহ-ইনচার্জের দায়িত্ব পালন করবেন। রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ উত্তরপ্রদেশ রাজ্যের নতুন ইনচার্জ করা হয়েছে বিনোদ তাওড়েকে। পাশাপাশি জগদীশ প্যাটেল, মেধা কুলকার্নি, প্রদীপ ভার্মা এবং অনন্ত ওঝাকে সেখানে সহ-ইনচার্জ হিসেবে যুক্ত করা হয়েছে।

বাংলা ও তেলেঙ্গানায় বিজেপির রাজ্য ইনচার্জের পদে অপরিবর্তিত রাখা হয়েছে অভিজ্ঞ সংগঠক সুনীল বনসলকে। রাজস্থানে সঞ্জয় ভাটিয়াকে ইনচার্জ এবং কবিতা পাতিদার ও কুলজিৎ চাহালকে সহ-ইনচার্জ পদে নিযুক্ত করা হয়েছে। মহারাষ্ট্রের দায়িত্ব পেয়েছেন বৈজয়ন্ত জয় পান্ডা, এবং তাঁর সঙ্গে সহ-ইনচার্জ হিসেবে রয়েছেন অমিত মালব্য, সাদানন্দ শেঠ তানভাদে ও কমলজিৎ সেহরাওয়াত।

অন্যদিকে, পঞ্জাব ও কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের ইনচার্জ হিসেবে নিযুক্ত করা হয়েছে ডঃ সতীশ পুনিয়াকে। জম্মু ও কাশ্মীরে তাঁর সাথে সহ-ইনচার্জ পদে থাকছেন রীনা কাশ্যপ। মধ্যপ্রদেশের নতুন দায়িত্ব দেওয়া হয়েছে বিপ্লব কুমার দেবকে। পাশাপাশি কর্ণাটকের ইনচার্জ করা হয়েছে হরিশ দ্বিবেদীকে, কোলালের দায়িত্বে অধ্যাপক এম নাগরাজা, ওড়িশায় ডি পুরন্দেশ্বরী এবং দিল্লি রাজ্যের ইনচার্জ করা হয়েছে বিনয় সহস্রবুদ্ধেকে (সহ-ইনচার্জ জাময়াং সেরিং নামগিয়াল ও দর্শনা বেন জারদোশ)। উত্তরাখণ্ডে রাম মাধব ইনচার্জের দায়িত্ব পেয়েছেন এবং তাঁর সহকারী হিসেবে বাঁশুরি স্বরাজ ও অরবিন্দ মেনন কাজ করবেন।

এছাড়া বিভিন্ন ছোট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির ক্ষেত্রে— আন্দামান ও নিকোবরে জয় প্রকাশ, অরুণাচল প্রদেশে দেবেশ কুমার, চণ্ডীগড়ে মহেন্দ্র পান্ডে, ঝাড়খণ্ডে গজেন্দ্র প্যাটেল, হিমাচল প্রদেশে শ্রীকান্ত শর্মা এবং গোয়ায় ডাঃ ভারতী প্রবীণ পাওয়ার ইনচার্জের দায়িত্ব সামলাবেন। উল্লেখ্য, গত আগস্ট মাসে বিজেপির জাতীয় পদাধিকারী তালিকা ঘোষণার ঠিক এক মাসের মাথায় রাজ্যভিত্তিক এই ব্যাপক রদবদল ও দায়িত্ব বন্টন সম্পন্ন করল শীর্ষ নেতৃত্ব।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha