নয়াদিল্লি, ২১ জুলাই (হি.স.): ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন লেবার পার্টির নেতা অ্যান্ডি বার্নহ্যাম। স্থানীয় সময় অনুযায়ী, সোমবার রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে সরকার গঠনের আনুষ্ঠানিক আমন্ত্রণ গ্রহণের পর তিনি বাকিংহাম প্যালেস থেকে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে যান। এর আগে বিদায়ী প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বাকিংহাম প্যালেসে গিয়ে রাজা তৃতীয় চার্লসের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন।
ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মঙ্গলবার এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন, ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় অ্যান্ডি বার্নহ্যামকে আন্তরিক অভিনন্দন। ভারত ও ব্রিটেন অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধে আবদ্ধ এবং বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, প্রতিরক্ষা ও জনগণের পারস্পরিক সম্পর্ক-সহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে ব্যাপক সহযোগিতা বিদ্যমান। এই মাসে সিইটিএ কার্যকর হওয়ায় আমাদের দ্বিপাক্ষিক অংশীদারিত্ব আরও শক্তিশালী হতে চলেছে। ভারত-ব্রিটেন ব্যাপক কৌশলগত অংশীদারিত্বকে আরও গভীর করতে এবং আমাদের যৌথ ভিশন ২০৩৫-কে এগিয়ে নিতে আমি আপনার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য মুখিয়ে আছি।”

