নয়াদিল্লি, ১ জুলাই (হি.স.): দেশের পরবর্তী বায়ুসেনা প্রধান হলেন এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত। বুধবারই বায়ুসেনা পদের দায়িত্বভার গ্রহণ করেছেন তিনি। এদিন সকালে দিল্লির জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত। সশস্ত্র বাহিনীর মধ্যে পারস্পরিক সমন্বয় বা ‘জয়েন্টনেস’ বৃদ্ধি এবং সমন্বিত থিয়েটার কমান্ড গঠনের প্রচেষ্টাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এয়ার মার্শাল দীক্ষিত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর কার্যকালে সেনাবাহিনী, নৌবাহিনী ও বায়ুসেনার মধ্যে সমন্বয় এবং যৌথ কার্যক্রমের কার্যকারিতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
একজন দক্ষ ফ্লাইং ইনস্ট্রাক্টর ও এক্সপেরিমেন্টাল টেস্ট পাইলট হিসেবে তিনি মিরাজ-২০০০, মিগ-২১ ও জাগুয়ার যুদ্ধবিমান-সহ ২০টিরও বেশি ধরনের বিমান ৩,৩০০ ঘণ্টারও বেশি সময় উড়িয়েছেন।

