বাড়িজাতীয়কৃষিজমি দখলকে কেন্দ্র করে উত্তেজনা কৈলাসহরে

কৃষিজমি দখলকে কেন্দ্র করে উত্তেজনা কৈলাসহরে

কৈলাসহর (ত্রিপুরা), ১১ এপ্রিল (হি.স.) : ঊনকোটি জেলার গৌরনগর ব্লকের ইছবপুর গ্রাম পঞ্চায়েতের পাখিরবাদা এলাকায় কৃষিজমি দখলকে কেন্দ্র করে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অভিযোগ, গভীর রাতে একদল যুবক ব্যক্তিগত মালিকানাধীন জমিতে প্রবেশ করে বাঁশের বেড়া দিয়ে ঘিরে ফেলে এবং সেখানে দেবদেবীর মূর্তি স্থাপন করে জমি দখলের চেষ্টা চালায়।

জমির মালিক বিভাস চন্দ্র দেব ও তাঁর পরিবারের দাবি, পরিকল্পিতভাবে মন্দির নির্মাণের অজুহাতে তাঁদের চাষযোগ্য জমি দখলের চেষ্টা করা হচ্ছে। পরিবারের অভিযোগ, শুধুমাত্র জমি দখলই নয়, তাঁদের উপর জমি ছেড়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে এবং অর্থের প্রলোভনও দেখানো হয়েছে। তবে বিভাস চন্দ্র দেব স্পষ্ট জানিয়েছেন, এই জমিই তাঁদের জীবিকার একমাত্র অবলম্বন হওয়ায় কোনও পরিস্থিতিতেই তা ছেড়ে দেওয়া সম্ভব নয়।

ঘটনার প্রতিবাদ জানাতে গেলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে বলে জানা গেছে। এর পরিপ্রেক্ষিতে জমির মালিক কৈলাসহর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাস্থলে ধর্মীয় প্রতীক স্থাপন হওয়ায় বিষয়টি অত্যন্ত সংবেদনশীল, ফলে তাৎক্ষণিক কঠোর পদক্ষেপ গ্রহণে কিছুটা জটিলতা তৈরি হয়েছে।

এদিকে প্রশাসনের এই অবস্থানকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বাড়ছে। এলাকার একাংশের প্রশ্ন, ব্যক্তিগত সম্পত্তিতে এভাবে বেআইনি দখলের অভিযোগ ওঠার পরও যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয়, তবে সাধারণ মানুষের সম্পত্তির নিরাপত্তা কোথায়?

বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ নজরদারি বাড়িয়েছে বলে জানা গেছে। ইতিমধ্যে জমির মালিক মহকুমা শাসকের দ্বারস্থ হয়ে ন্যায়বিচারের আবেদন জানিয়েছেন। এখন প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকেই তাকিয়ে রয়েছে গোটা এলাকা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য