স্যন্দন ডিজিটেল ডেস্ক ২২ফেব্রুয়ারি : ভারতের উপকূলরক্ষা বাহিনীর তৎপরতায় রুখে দেওয়া গেল পাচারের বিরাট ষড়যন্ত্র। আরব সাগরে গুজরাটে উপকূলে আটক করা হল একটি সন্দেহজনক ট্রলারকে। বাজেয়াপ্ত করা হয়েছে ২০০ কার্টুন সিগারেট। যার বাজার মূল্য ৫ কোটি টাকা।
উপকূলরক্ষা বাহিনী জানিয়েছে, শনিবার দোওয়ারকা উপকূলে এআই মুখতার নামের একটি ট্রলারের গতিবিধি সন্দেহজনক মনে হয়। এর পরেই সেটিকে ঘিরে ফেলে তল্লাশি শুরু হয়। দেখা যায় জলযানটিতে রয়েছেন চার জন ইরানি নাগরিক। পাশাপাশি ট্রালারটি থেকে উদ্ধার হয় ২০০ কার্টুন সিগারেট। যা বেআইনি ভাবে পাচারের উদ্দেশে আনা হচ্ছিল। ওই সিগারেটের আনুমানিক বাজার মূল্য ২.৫ থেকে ৫ কোটি টাকা!
উপকূলরক্ষা বাহিনী গোটা অপরেশনের বিষয়টি এক্স হ্যান্ডেলে জানিয়েছে, তদন্তের পরবর্তী ধাপের জন্য এআই মুখতার নামের ট্রলারটিকে গুজরাটের পোরবন্দরে নিয়ে যাওয়া হয়। এর আগে ১৬ ফেব্রুয়ারি আইসিজি এবং গুজরাট সন্ত্রাসবিরোধী স্কোয়াডের (এটিএস) যৌথ অভিযানে গুজরাট উপকূল ২০০ কেজির বেশি মাদক উদ্ধার হয়। ওই অভিযানেও দুই ইরানি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছিল।

