স্যন্দন ডিজিটেল ডেস্ক ১৮ ফেব্রুয়ারি : এবার আমূল বদলে যেতে চলেছে আধার কার্ড। নতুন আধার অ্যাপ চালুর পরই UIDAI এবার আধার কার্ডের ভোলবদলের কথা ভাবছে। জানা যাচ্ছে, নতুন আধার কার্ডে যার নাম, ঠিকানা, জন্মতারিখ এবং ১২-সংখ্যার আধার নম্বর-সহ সব ব্যক্তিগত তথ্য সরিয়ে ফেলা হবে। – একইসঙ্গে আধার কার্ডের ছবিই হবে ব্যক্তির পরিচয়পত্র হিসাবে মূল নথি।
UIDAI সূত্রের খবর, আধার কার্ডের নতুন ডিজাইনে নাগরিকদের নাম, ঠিকানা, ব্যক্তিগত তথ্য থাকবে না। থাকবে শুধু ছবি এবং একটি QR কোড। ওই QR কোডেই লুকনো থাকবে নাগরিকের যাবতীয় তথ্য। সেটি স্ক্যান করার জন্য আবার ব্যবহার করতে হবে নতুন আধার অ্যাপ। ইতিমধ্যেই নতুন mAdhar অ্যাপ এনেছে কেন্দ্র। ওই অ্যাপে কিউআর কোডটি স্ক্যান করলে তবেই নাগরিকদের তথ্য মিলবে। এই নতুন লুকের আধার কার্ডে (Aadhaar Card) অনেক বেশি আধুনিকতার ছোঁয়া থাকবে।
UIDAI বলছে, আধার কার্ডের মাধ্যমে অফলাইন ভেরিফিকেশন বা তথ্যচুরি রুখতে এই সিদ্ধান্ত। অনেক ক্ষেত্রে দেখা যায় হোটেল, ইভেন্ট অর্গানাইজার বা সংস্থা আধার কার্ডের তথ্য সংগ্রহ করে। সেই তথ্যের কোনও নিরাপত্তা থাকে না। অথচ আধার আইন অনুযায়ী অফলাইনে পরিচয়পত্র হিসাবে এভাবে আধার কার্ডের তথ্য সংগ্রহ করা যায় না। আধার কার্ড বা সেটার প্রতিলিপি জমাও রাখা যায় না। আধারের তথ্যচুরি রুখতেই এই নতুন ভাবনা।

