বাড়িজাতীয়অগ্নিকাণ্ড হলদিয়া পেট্রোকেমিক্যালসে, আহত কমপক্ষে ১৯ জন

অগ্নিকাণ্ড হলদিয়া পেট্রোকেমিক্যালসে, আহত কমপক্ষে ১৯ জন

হলদিয়া, ৩০ জুন (হি.স.): অগ্নিকাণ্ড হলদিয়া পেট্রোকেমিক্যালসে। মঙ্গলবার ভোরে পেট্রোকেমিক্যালসের ন্যাপথা পাইপলাইন থেকে আগুন লাগে। মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে। পরে বিভিন্ন কারখানা থেকে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে পৌঁছয়। দ্রুত আগুন নেভানোর কাজ শুরু হয়। প্রাণহানির খবর নেই। তবে কয়েকজন আহত হয়েছেন। আগুনে ঝলসে গিয়েছেন কয়েকজন কর্মরত শ্রমিক। চিকিৎসার জন্য তাদের হলদিয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হলদিয়া -মেচেদা রেললাইনের পার্শ্ববর্তী এলাকায় কারখানা হওয়ার কারণে আগুনে পুড়ে নষ্ট হয়ে গিয়েছে বিদ্যুতের তার এবং ট্রান্সফর্মার। তাই সুরক্ষার কথা মাথায় রেখে হলদিয়া থেকে হাওড়া গামী লোকাল ট্রেন সকালে নির্দিষ্ট সময়ের পরেও ছাড়েনি। ট্রেনটি আটকে রয়েছে হলদিয়া স্টেশনে।

হলদিয়ার চিরঞ্জীবপুরে এইচপিএল-এর ন্যাপথা পাইপলাইন ফেটে অগ্নিকাণ্ডের জেরে শিল্প শহরের প্রবেশ স্টেশন সংলগ্ন রেললাইনের ওভারহেড তার ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝলসে গিয়েছে লাইনের একাংশ। এর জেরে বাতিল হয়েছে আজকের ৩৮০৫২ হলদিয়া-হাওড়া লোকাল। ৩৮০৫১ হাওড়া-হলদিয়া লোকাল এবং আসানসোল-হলদিয়া এক্সপ্রেস হলদিয়া না ঢুকে দুর্গাচক থেকেই ফিরে যাবে। দেরি হতে পারে আসানসোল-হলদিয়া এক্সপ্রেসের। রেলের টিআরডি বিভাগের কর্মীরা মেরামতির কাজে উপস্থিত হলেও আগুনের ভয়াবহতার কারণে কাজ শুরু করতে পারেননি। কখন স্বাভাবিক হবে ট্রেন চলাচল, তা স্পষ্ট নয়। যাত্রীদের হয়রানি এড়াতে রেল কর্তৃপক্ষকে আগাম বিজ্ঞপ্তি জারি করতে পারেন।

প্রাণহানির খবর না মিললেও হলদিয়ায় এইচপিএল-এর ন্যাপথা পাইপলাইনে অগ্নিকাণ্ডে আহতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯। হলদিয়া মহকুমা পুলিশ সূত্রে খবর, তমলুক হাসপাতালে ভর্তি ১০ জন, হলদিয়ায় ভর্তি ৬ জন, বাকি তিনজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। ঘটনাস্থলে আসেন পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অংশুমান সাহা। তিনি হলদিয়া মহকুমা হাসপাতালে গিয়ে আহতদের দেখেন। ছুটে আসেন বন্দর কর্তারাও। অগ্নিকাণ্ডস্থলের পাশেই রয়েছে একাধিক দাহ্য পেট্রোপণ্য বহনকারী পাইপলাইন, যার মধ্যে রয়েছে হলদিয়া পেট্রোন্যাসের পাইপলাইনও। ফলে আশঙ্কায় শিল্প সংস্থার কর্তারা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য