Saturday, July 25, 2026
বাড়ি রাজ্য চুরির অভিযোগে ব্যবসায়ীদের হাতে আটক ৪

চুরির অভিযোগে ব্যবসায়ীদের হাতে আটক ৪

চুরির অভিযোগে ব্যবসায়ীদের হাতে আটক ৪

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৪ জুলাই :পশ্চিম আগরতলা থানার নাকের ডগায় বাণিজ্যিক এলাকায় থাবা বসিয়ে পুলিশকে চ্যালেঞ্জ ছুড়ে দিল চোরের দল। সূর্য চৌমুহনী খুশ বাগান এলাকায় বেশ কিছুদিন ধরেই চুরির উপদ্রব বেড়ে যাওয়ায় আতঙ্কে রয়েছে ব্যবসায়ীরা। বিশেষ করে বিভিন্ন বাড়ি প্রতিষ্ঠানের এসির কপার তার চুরির ঘটনা বৃদ্ধি পাওয়ায় এলাকাবাসী নজরদারি শুরু করেন। এরই মধ্যে শুক্রবার সকালে চুরি করার সময় হাতেনাতে আটক তিন যুবক। অভিযোগ, তারা এসির কপার তার চুরি করছিল।

পাশাপাশি চুরি হওয়া সামগ্রী যাঁর কাছে বিক্রি করা হতো বলে অভিযোগ, সেই এক দোকানের মালিককেও আটক করা হয়। পরে উত্তেজিত জনতা অভিযুক্তদের গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ চারজনকে আটক করে থানায় নিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকাবাসী জানায় দীর্ঘদিন ধরে স্থানীয় কিছু নেশাগ্রস্ত যুবক এই চুরির ঘটনা গুলি সংঘটিত করে আসছিল। আজকে সকাল থেকেই স্থানীয়রা অভিযানে নেমে তাদের আটক করতে সক্ষম হয়। তাদের সারা শরীরে ইনজেকশন পুশ করার দাগ আছে। এদিন এলাকাবাসী তাদের কাছ থেকে ৩৫ থেকে ৪০ পিস এসির তার উদ্ধার করতে সক্ষম হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, গত কয়েকদিন ধরেই লাগাতার ঘটনা সামনে আসছিল। তারা বহুবার থানায় অভিযোগ জানানোর পরেও কোন ব্যবস্থা নেওয়া হয়নি। তাই তারা আজকে অভিযানে নামতে বাধ্য হয়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

    এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান