Saturday, August 1, 2026
বাড়ি রাজ্য এয়ারপোর্ট থানার ওসি-র পর বরখাস্ত মহিলা সাব ইন্সপেক্টর

এয়ারপোর্ট থানার ওসি-র পর বরখাস্ত মহিলা সাব ইন্সপেক্টর

এয়ারপোর্ট থানার ওসি-র পর বরখাস্ত মহিলা সাব ইন্সপেক্টর

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩১ জুলাই  : এইবার চাকুরি থেকে বরখাস্ত করা হল এয়ারপোর্ট থানার মহিলা এস.আই যমুনা রায়কে। ঘটনার বিবরণে জানা যায় এয়ারপোর্ট থানা এলাকার বাসিন্দা লিপিকা লোধ প্রায় এক মাস পূর্বে পুত্র বধূ দ্বারা আক্রান্ত হন। এই নিয়ে লিপিকা লোধ এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করতে গেলে এয়ারপোর্ট থানার পুলিশ মামলা গ্রহণে অস্বীকার করে। তারপর লিপিকা লোধ জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হন। তাতেও কোন কাজ না হওয়ায় তিনি উচ্চ আদালতের দ্বারস্থ হন। এরই মধ্যে এয়ারপোর্ট থানার মহিলা এস.আই যমুনা রায়কে অভিযোগকারিণী লিপিকা লোধকে থানায় ডেকে নিয়ে মামলা প্রত্যাহার করে নেওয়ার জন্য হুমকি দেন।

 বৃহস্পতিবার মামলাটি উচ্চ আদালতে শুনানির জন্য উঠলে সরকার পক্ষ থেকে জানানো হয় জেলা পুলিশ সুপার এয়ারপোর্ট থানার ওসিকে লিপিকা লোধের মামলা গ্রহণ করার নির্দেশ দেওয়ার পরও এয়ারপোর্ট থানার ওসি মামলা গ্রহণ করেন নি। তাই এয়ারপোর্ট থানার ওসিকে চাকুরি থেকে বরখাস্ত করা হয়েছে। অভিযোগকারিণীর আইনজীবী দেবজিৎ গোপ উচ্চ আদালতকে এয়ারপোর্ট থানায় লিপিকা লোধের সাথে দুর্ব্যবহার করার বিষয়ে অবগত করে। উচ্চ আদালত এই মামলার শুনানির জন্য শুক্রবার পুনঃরায় দিন ধার্য করে।

এইদিন উচ্চ আদালতে শুনানি চলাকালিন সময় সরকার পক্ষ থেকে জানানো হয় এয়ারপোর্ট থানার মহিলা এস.আই যমুনা রায়কেও চাকুরি থেকে বরখাস্ত করা হয়েছে। এইদিন লিপিকা লোধের আইনজীবী উচ্চ আদালতে জানান ২৯ জুলাই অঞ্জলি সরকার নামে এক মহিলা লিপিকা লোধের মোবাইলে ফোন করে মামলা প্রত্যাহার করে নেওয়ার জন্য হুমকি দিয়েছে। সেই কল রেকর্ডও এইদিন আদালতে জমা দেওয়া হয়। উচ্চ আদালত নির্দেশ দিয়েছে এই মোবাইল নাম্বার বা অঞ্জলি সরকার কে তা তদন্ত করে আদালতে রিপোর্ট জমা দেওয়ার জন্য। এবং এই মামলার পরবর্তী শুনানির জন্য ৬ আগস্ট দিন ধার্য করেন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha