স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৮ আগস্ট : ২০৮ জাতীয় সড়কের বেহাল অবস্থার প্রতিবাদে সোমবার সকাল নয়টা থেকে সিপিআইএম কৈলাসহর মহকুমা কমিটির উদ্যোগে সড়ক অবরোধ করা হয় সিঙ্গিরবিল এলাকায়। অভিযোগ, নবনির্মিত ২০৮ জাতীয় সড়কের বেহাল অবস্থার প্রতিবাদে সোমবার সকাল নয়টা থেকে সিপিআইএম কৈলাসহর মহকুমা কমিটির উদ্যোগে সড়ক অবরোধ করা হয় সিঙ্গিরবিল এলাকায়। এতে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী, মহকুমা সম্পাদক অঞ্জন রায়সহ অন্যান্য নেতৃত্ব।
অবরোধের ফলে বিশাল যানজট সৃষ্টি হলেও অসুস্থ রোগী ও স্কুলপড়ুয়া ছাত্র-ছাত্রীদের জন্য রাস্তা খুলে দেওয়া হয়। অবরোধ শেষে জেলা সম্পাদক অভিযোগ করেন, এক বছরের মধ্যেই জাতীয় সড়ক ভেঙে পড়ার মূল কারণ নিম্নমানের কাজ ও কমিশন বাণিজ্য। তিনি আরও জানান, প্রকল্পটি পূর্বে ইউপিএ সরকারের সময় অনুমোদিত হলেও রাজনৈতিক কারণে তা আটকে রাখা হয়েছিল। কৃষ্ণেন্দু চৌধুরীর অভিযোগ, রাজ্যের প্রায় প্রতিটি ক্ষেত্র আজ দুর্নীতিতে জর্জরিত। প্রয়োজনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারিও দেন সিপিআইএম নেতৃত্ব।

