স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৭ আগস্ট : চুরির ঘটনার খবর পেয়ে গাড়ি না থাকায় ঘটনাস্থলে পৌঁছাতে পারল না চেলাগাং থানার পুলিশ। পুলিশের ভূমিকা নিয়ে ব্যর্থতার অভিযোগ তুললো আম জনগণ। ঘটনা ডেপাইছড়ি এলাকায়। একই রাতে তিনটি বাড়িতে চুরির অভিযোগ। অভিযোগ, শুক্রবার রাতে ফাঁকা বাড়ির সুযোগকে কাজে লাগিয়ে ডেপাইছড়ি এলাকার তিনটি বাড়িতে দুঃসাহসিক চুরি সংগঠিত করল চোরের দল।
যার মধ্যে জামির হোসেনের বসত ঘরের দরজা ভেঙ্গে আলমারী থেকে নগদ ৬০ হাজার টাকা সহ প্রচুর পরিমাণ স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে বলে অভিযোগ। জামির হোসেনের পরিবার শুক্রবার রাতে উদয়পুর গিয়েছিল। বাড়ির অন্যান্যরা পাড়ায় একটি বিয়ের অনুষ্ঠানে ব্যস্ত ছিল। এই সুযোগকে কাজে লাগিয়ে চোরের দল জামির হোসেনের ঘর থেকে নগদ টাকা সহ প্রচুর স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ। হার্টের সমস্যা নিয়ে অসুস্থ এক মহিলা তার চিকিৎসার জন্য নগদ ত্রিশ হাজার টাকা ঘরে সংরক্ষিত করে রেখেছিলেন।
একই রাতে উনি বাড়িতে না থাকায় চোরের দল হানা দিয়ে তার ঘরের সংরক্ষিত ওই টাকা চুরি করে নিয়ে যায়। এদিকে চুরি যাওয়া ঘরের পরিবারের লোকদের অভিযোগ চুরির ঘটনা সংঘটিত হওয়ার বিষয়টি টের পাওয়ার পর তারা চেলাগাং থানায় খবর দেয়। কিন্তু গাড়ি নেই এই অজুহাত দেখিয়ে পুলিশ ঘটনাস্থলে আসছে না বলে অভিযোগ। গ্রামবাসীদের আরো অভিযোগ পুলিশের নিষ্ক্রিয়তার ফলে এলাকায় চুরির ঘটনা দিনকে দিন বেড়ে চলছে। দীর্ঘক্ষণ পরে পুলিশ ঘটনার স্থলে গেলে স্থানীয়রা চোর ধরার দাবি জানায় পুলিশের কাছে।

