স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১০ আগস্ট : পিতার হাতে এক বছরের সন্তান খুনের ঘটনার রেশ কাটতে না কাটতে এবার পরকীয়ায় খুন হয় পাঁচ মাসের শিশু। অভিযোগ নিজের ৫ মাসের কন্যা সন্তানকে শ্বাস রুদ্ধ করে হত্যা করল জন্মদাত্রী মা। ঘটনা সোনামুড়া থানার অন্তর্গত রামপদ পাড়া এডিসি ভিলেজে। পাষণ্ড মা সুচিত্রা দেববর্মাকে আটক করে পরিবারের লোকজন তুলে দিল পুলিশের হাতে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। পরকীয়া নামক কঠিন ব্যামোতে আক্রান্ত বর্তমান সমাজ। আর এই কঠিন ব্যামোর কারনে অকালে মাতৃ স্নেহ থেকে বঞ্চিত হতে হচ্ছে বহু শিশুকে। কোন কোন ক্ষেত্রে মায়ের পরকীয়ার জের হিসাবে নিজের প্রাণ দিতে হচ্ছে অবুঝ শিশুকে। যেমনটা ঘটেছে সোনামুড়া থানার অন্তর্গত রামপদ পাড়া এডিসি ভিলেজে। রামপদ পাড়া এডিসি ভিলেজের বাসিন্দা অমিত দেববর্মা। অমিত দেববর্মার স্ত্রী সুচিত্রা দেববর্মা। সুখে দুঃখে তাদের সংসার ভালোই চলছিল।
অমিত দেববর্মা রাবার বাগানে টেপারের কাজ করে। স্বল্প রোজগারের মধ্যে তাদের সংসার ভালোই চলছিল। কিন্তু সুচিত্রার পরকীয়া তাদের সংসারে অন্ধকার নামিয়ে আনে। অভিযোগ দীর্ঘ প্রায় এক বছর ধরে সুচিত্রা এলাকার অপর এক ব্যক্তির সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত। এরই মধ্যে ৫ মাস পূর্বে সুচিত্রা জন্ম দেয় এক কন্যা সন্তানের। বর্তমানে অমিত ও সুচিত্রার কন্যা সন্তানের বয়স ৫ মাস। সুচিত্রার অবৈধ সম্পর্কের জেরে এলাকার লোকজন প্রায় সময় কটাক্ষ করে সুচিত্রার এই কন্যা সন্তান সুচিত্রার অবৈধ সম্পর্কের ফল। তার জের ধরে কঠোর সিদ্ধান্ত নেয় সুচিত্রা। রবিবার দুপুরে সুচিত্রা নিজ বাড়িতে নিজের ৫ মাসের কন্যা সন্তানকে বালিশ চাপা দিয়ে শ্বাস রুদ্ধ করে হত্যা করে। এমনটা জানান সুচিত্রার শ্বশুর। তিনি আরও জানান ওনারা সকলে মিলে সুচিত্রাকে আটক করে সোনামুড়া থানার পুলিশের হাতে তুলে দিয়েছেন। সোনামুড়া থানার পুলিশ ঘটনার বিষয়ে জানার পর মৃত শিশুর দেহ উদ্ধার করে সোনামুড়া হাসপাতালে নিয়ে যায় ময়না তদন্তের জন্য। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। দাবি উঠেছে পাষণ্ড মা সুচিত্রার কঠোর শাস্তির। পুলিশ গোটা ঘটনার তদন্তে নেমেছে।

