স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১০ আগস্ট : রাজধানীর কলেজ রোড স্থিত শিবনগর মডার্ন ক্লাব ও আমরা তরুণ দলের পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রবিবার ক্লাব প্রাঙ্গনে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। পাশাপাশি বসে আঁকো প্রতিযোগিতা, সাঁতার প্রতিযোগিতা, দাবা প্রতিযোগিতা, নৃত্য প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা এবং সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মুখ্যমন্ত্রী প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। মুখ্যমন্ত্রী রক্তদানের গুরুত্ব তুলে ধরতে গিয়ে বক্তব্য রেখে বলেন, পুরুষরা বছরে চারবার রক্ত দিতে পারে এবং মহিলারা বছরে তিনবার রক্ত দিতে পারে।
তাই উভয়কে নিয়ে প্রত্যেক এলাকার বিভিন্ন ক্লাবকে রক্তদানে এগিয়ে আসতে হবে। কারণ রক্তদানে ক্লাবগুলির বড় ভূমিকা থাকবে। তাই ক্লাবগুলিকে রক্তদান নিয়ে প্রতিযোগিতা করার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, রক্তদান নিয়ে ভয় ভীতি দূর করতে হবে সকলকে। রাজ্যে ব্লাড ব্যাংক গুলির মধ্যে রক্তের প্রয়োজনীয়তা থাকে। বিশেষ করে অস্ত্র প্রচার, থ্যালাসেমিয়া, ক্যান্সার আক্রান্ত রোগীদের জন্য রক্তের প্রয়োজন হয়। মুখ্যমন্ত্রী বলেন, একজন ব্যক্তির রক্ত দিয়ে তিনজন রোগীর জীবন রক্ষা করা সম্ভব হয়। পাশাপাশি নিজের স্বাস্থ্য পরীক্ষা হয়ে যায়। এ বিষয়গুলি সকলকে বুঝতে হবে। আগামী দিন এগুলি নিয়ে মানুষের কাছে যেতে হবে।
যারা এইডস বা বা এইচআইভি -তে আক্রান্ত হচ্ছে তাদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, তারা এইডস বা এইচআইভি -তে আক্রান্ত হওয়ার পেছনে অনেক কারণ রয়েছে। মুখ্যমন্ত্রী বলেন কেউ যখন এইচআইভি আক্রান্ত হয় তখন এই ভাইরাস শরীরে প্রথমেই প্রতিরোধ করার যে সেল সেটার আক্রমণ করে। আর যখন প্রতিরোধ ক্ষমতা সেই ব্যক্তি হারিয়ে ফেলে তখন এইডসের দিকে ধাবিত হয় এইচআইভি। সকলকে সতর্ক করে তিনি আরো বলেন কেউ একবার এইচআইভি আক্রান্ত হয়ে গেলে সেটা নির্মূল হয় না। তাই এ বিষয় নিয়ে সকলকে সজাগ থাকতে হবে। পাশাপাশি ছেলে মেয়েদের বোঝাতে হবে। অভিভাবকদের লক্ষ্য রাখতে হবে তাদের ছেলে মেয়েরা কোথায় যাচ্ছে এবং কি করছে। তাহলে নতুন প্রজন্মকে রক্ষা করা যাবে বলে করলেন ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী। পরে মুখ্যমন্ত্রী রক্তদান শিবির, দাদা প্রতিযোগিতা এবং বসে আঁকো প্রতিযোগিতা ঘুরে দেখেন। প্রতিযোগিতায় অংশ নেওয়ার ছেলে মেয়েদের উৎসাহিত করেন মুখ্যমন্ত্রী। আয়োজিত শিবিরে এদিন এছাড়াও উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা।

