স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১০ আগস্ট : রবিবার আগরতলা ভানু ঘোষ স্মৃতি ভবনে সারা ভারত গনতান্ত্রিক নারী সমিতির ষষ্ঠ ডুকলি মহকুমা সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের সর্ব ভারতীয় কমিটির সহ-সভানেত্রী রমা দাস। তিনি বক্তব্য রেখে বলেন, পূর্বতন বামফ্রন্ট সরকারের আমলে রাজ্যের নারীরা রাজনৈতিক সম্মান পেয়েছিল এবং সামাজিক মর্যাদা পেয়েছিল।
এবং তাদের বিকাশের জন্য অর্থনৈতিক পথ খুলে দিয়েছিল তৎকালীন সরকার। কিন্তু বর্তমানে চলছে নারীদের অত্যাচারের জামানা। এর থেকে বের হয়ে আসতে হবে। পাশাপাশি নেশা নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন যেভাবে নেশা বর্তমানে ছড়িয়ে পড়ছে তা অত্যন্ত চিন্তা জনক। এর থেকে সমাজকে বের করে আনতে হলে নারী সমিতিকে আগামী দিন ভূমিকা নিতে হবে। এটা বর্তমান পরিস্থিতির দাবি বলে জানান রমা দাস। সরকারের সমালোচনা করে আরো বলেন, বর্তমান সরকার মানুষের সর্বনাশ করছে।
সবচেয়ে উদ্বেগের বিষয় হলো এই সরকার মা বোনের সম্মান নিয়ে ছিনিমিনি খেলছে। এই সর্বনাশা সরকাকে ক্ষমতা থেকে সরাতে হলে ঘরে বসে থাকলে চলবে না, রাস্তায় নেমে আন্দোলন করতে হবে। তাহলে রাজ্য থেকে এই সরকারটাকে ২০২৮ সালে সরানো সম্ভব হবে বলে অভিমত ব্যক্ত করেন রমা দাস। এ দিনের সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সর্ব ভারতীয় নেত্রী ঝর্ণা দাস বৈদ্য, রাজ্য সম্পাদিকা স্বপ্না দত্ত, পশ্চিম জেলা কমিটির সভানেত্রী কল্যানী চৌধুরী সহ অন্যান্যরা।

