স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৩০ জুলাই : আশঙ্কা সত্যি করে জাপান, রাশিয়ার পর আমেরিকাতেও শুরু হয়ে গেল সুনামি। ক্যালিফর্নিয়া এবং হাওয়াই উপকূলে আছড়ে পড়ল প্রলয় ঢেউ। ইতিমধ্যেই সেখানকার উপকূলবর্তী বাসিন্দাদের উদ্ধার করে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বাজানো হচ্ছে সাইরেনও। এই পরিস্থিতিতে সেখানে বসবাসকারী ভারতীয়দের জন্য হেল্পলাইন নম্বর চালু করেছে ক্যালিফর্নিয়ার ভারতীয় দূতাবাস। পাশাপাশি, জারি করা হয়েছে অ্যাডভাইজারিও।
জানা গিয়েছে, এদিন ক্যালিফর্নিয়ার অ্যারিনা কোভ উপকূলে অতিকায় ঢেউ আছড়ে পড়ে। যার উচ্চতা ছিল ১.৬ ফুট। এছাড়াও সুনামির কবলে পড়েছে ক্যালিফোর্নিয়ার ক্রেসেন্ট সিটি এবং মন্টেরি। তবে আমেরিকার অন্যান্য উপকূলগুলিতেও জারি করা হয়েছে সতর্কতা। আমেরিকার ন্যাশনাল ওয়েদার সার্ভিসের তরফে বাসিন্দাদের উপকূলবর্তী অঞ্চলগুলিতে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে ক্যালিফর্নিয়ার ভারতীয় দূতাবাসের তরফে ইতিমধ্যেই ভারতীয়দের জন্য একটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। সেটি হল +১-৪১৫-৪৮৩-৬৬২৯। পাশাপাশি, জারি করা হয়েছে একটি অ্যাডভাইজারিও। সেখানে বলা হয়েছে, ‘স্থানীয় প্রশাসন যে নির্দেশিকা জারি করেছে, তা অবশ্যই মেনে চলুন, উপকূলীবর্তী এলাকা এড়িয়ে চলুন, বৈদ্যুতিন ডিভাইসগুলিতে চার্জ দিয়ে রাখুন এবং বাড়িতে জরুরি কিট মজুত রাখুন।

