স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৮ জুলাই : হাড়-চামড়া একাকার হয়ে যাওয়া মৃতপ্রায় শিশুর দল। খাবারের বাটি হাতে ভিক্ষুকের বেশে দাঁড়িয়ে আছে অসহায় মা। গত কয়েকদিন ধরে মৃত্যুপুরী গাজার এমনই সব ছবি সামনে আসতে শুরু করেছে সোশাল মিডিয়ায় দৌলতে। ইতিমধ্যেই ক্ষিদের জ্বালায় সেখানে মৃত্যু হয়েছে ১২৪ জনের। যার মধ্যে ৮১ জন শিশু। গোলা-গুলির পর গাজাকে শেষ করতে ইজরায়েলের এই ‘ক্ষুধার অস্ত্র’ সমালোচিত হয়েছে বিশ্বজুড়ে। প্রবল বিতর্কের মাঝে পড়ে অবশেষে মুখরক্ষায় তৎপর হল ইজরায়েল। প্রথমবার গাজার মাটিতে বিমানে করে ফেলা হল খাদ্য সামগ্রী।
ইজরায়েলের সেনা বাহিনীর তরফে জানা গিয়েছে, রবিবার গাজার মাটিতে বিমানে করে খাবার পাঠানো হয়েছে। সেই খাদ্য তালিকায় রয়েছে আটা, চিনি, ওষুধ ও প্যাকেটবন্দি খাবার। আন্তর্জাতিক সংগঠনগুলির সঙ্গে যৌথ উদ্যোগে এই খাবার পাঠিয়েছে ইজরায়েল সেনা। পাশাপাশি গাজায় যাতে কোনও সাহায্য না আসতে পারে তার জন্য মার্চ মাস থেকে গাজা অবরুদ্ধে করে রেখেছিল ইজরায়েল সেটাও খুলে দেওয়া হয়েছে। গাজার তিনটি অঞ্চলে যুদ্ধবিরতিও ঘোষণা করা হয়েছে। ইজরায়েল জানিয়েছে, গাজায় আন্তর্জাতিক সহায়তায় কোনও রকম বাধা দেবে না তারা। ইজরায়েলের তরফে জানানো হয়েছে, গাজার সাধারণ নাগরিকের জন্য আকাশ পথে সাহায্য পাঠানো শুরু করেছে তারা। ভয়ংকর খাদ্য সংকট দূর করতে অন্যান্য দেশগুলিকেও সেখানে সাহায্য পাঠাতে কোনও বাধা দেওয়া হবে না।

