Thursday, February 5, 2026
বাড়িরাজ্যপ্রতিটি কৃষি মহকুমায় আধুনিক কৃষি পরিকাঠামো গড়ে তোলার কাজ চলছে : মন্ত্রী...

প্রতিটি কৃষি মহকুমায় আধুনিক কৃষি পরিকাঠামো গড়ে তোলার কাজ চলছে : মন্ত্রী সুশান্ত চৌধুরী

সাব্রুম (ত্রিপুরা), ২৬ জুলাই (হি.স.) : কৃষকদের আর্থিক স্বাচ্ছন্দ্য ও ফসলের ন্যায্য মূল্য নিশ্চিতে চলতি খারিফ মরসুমে ন্যূনতম সহায়ক মূল্যে ধান ক্রয় কর্মসূচির শুভ সূচনা হল দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমায়। শনিবার ব্রজেন্দ্রনগর হাসপাতালের মাঠে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে রাজ্য ভিত্তিক ধান ক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন রাজ্যের খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক মন্ত্রী সুশান্ত চৌধুরী।

এদিনের অনুষ্ঠানে ৪৩ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত গ্রামীণ কৃষি বাজার ‘বটতলা’-এরও আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী। ধান ক্রয় কেন্দ্র ও কৃষি পরিকাঠামোর এই যৌথ সূচনা কৃষকদের স্বাবলম্বী করে তোলার ক্ষেত্রে রাজ্য সরকারের অঙ্গীকারের আরেকটি নজির বলে মনে করছেন কৃষকমহল।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের জেলাসভাধিপতি দীপক দত্ত, সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, ৩৯ মনু বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাইলাফ্রু মগ, কৃষি আধিকারিক দেবপ্রিয় বর্ধন, দক্ষিণ ত্রিপুরা জেলা শাসক সাজ্জাদ পি, সাতচাঁদ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান প্রভাস লোধ, সাব্রুম মহাকুমার মহকুমা শাসক শিবজ্যোতি দত্ত সহ কৃষি দফতরের আধিকারিকরা।

বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, “২০১৮ সালে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে নিরন্তর কাজ করে যাচ্ছে। আগের সরকার ২৫ বছর ধরে কৃষকদের প্রতারিত করেছে, কিন্তু বর্তমান সরকার কৃষির আধুনিকীকরণ এবং কৃষকের স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।”

মন্ত্রী জানান, প্রতিটি কৃষি মহকুমায় আধুনিক কৃষি পরিকাঠামো গড়ে তোলার কাজ চলছে। সার, বীজ, কৃষিযন্ত্রপাতি এবং প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদের সমর্থন দেওয়া হচ্ছে। ‘কৃষক বন্ধু কেন্দ্র’ ও ‘কৃষক জ্ঞান অর্জন কেন্দ্র’ স্থাপন করে তাঁদের হাতে আধুনিক তথ্য তুলে দেওয়া হচ্ছে।

মন্ত্রী আরও জানান, রাজ্য সরকার খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ দফতর এবং কৃষি ও কৃষক কল্যাণ দফতর যৌথ উদ্যোগে এ বছর ২৩ টাকা কেজি দরে প্রায় ৩০ হাজার মেট্রিক টন ধান কৃষকদের কাছ থেকে সরাসরি কিনবে।

উদ্বোধনের দিনেই বহু কৃষক ধান নিয়ে উপস্থিত হন বিক্রয় কেন্দ্রে।সরকারি হস্তক্ষেপে বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত হওয়ায় কৃষকরা আশাবাদী। সরকারের এই পদক্ষেপ রাজ্যের কৃষি অর্থনীতিকে আরও সুদৃঢ় করবে বলে মনে করছেন কৃষকরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য