স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২০ জুলাই : রবিবার ছুটির দিনে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা নিজ বিধানসভা কেন্দ্রের গাঙ্গুলী রোড, মেলার মাঠ, অফিস লেন, জয়নগর পুকুর, দশমী ঘাট রোড সহ বিভিন্ন এলাকার পরিদর্শন করেন। পরিদর্শনে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলেন মুখ্যমন্ত্রী। কিছু সমস্যা মুখ্যমন্ত্রীর নজরে উঠে আসে। এ বিষয়গুলো নিয়ে সাথে সাথে আধিকারিকদের সঙ্গে কথা বলেন তিনি। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, আগরতলা শহর বহু পুরনো। এটা প্লেন সিটি নয়। তাই এই শহর ঠিক করা অত্যন্ত দুষ্কর। রাস্তাঘাট, জল নিকাশি ব্যবস্থা এবং সরকারি জমি জবরদখল করে রাখার সমস্যা দীর্ঘদিনের। এগুলি পরিদর্শন করা হয়েছে আজকে। একই সাথে কালাপানিয়ার কাজ পরিদর্শন করা হয়। কালাপানিয়ার প্রায় দুই কিলোমিটার কাজ বাকি আছে। একই সাথে বিভিন্ন এলাকার পুকুর সংস্কারের কাজ পরিদর্শন করা হয়েছে। কিভাবে পুকুরগুলি আরো সুন্দর্য্যায়ন বাড়ানো যাবে সে বিষয়ে আলোচনা করা হয়েছে।
মুখ্যমন্ত্রী আরও বলেন এলাকার জনসাধারণের দায়িত্ব রয়েছে। জনগণের সহযোগিতা ছাড়া উন্নয়ন সম্ভব নয়। মুখ্যমন্ত্রী বলেন, পরিদর্শনে আরো লক্ষ্য করা গেছে বহু এলাকার রাস্তায় জল জমে। আশেপাশের বাড়ি ঘরের মানুষদের বলা হয়েছে এন ও সি দেওয়ার জন্য। তারা দিতে প্রস্তুত। তারপর রাস্তা সংস্কারের কাজে হাত লাগানো হবে বলে জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী আরও বলেন বর্তমানে উন্নয়নমূলক কাজ শহরের চারিদিকে চলছে। এতে আপ্লুত দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি অন্যান্য রাজ্যে গিয়ে বলছেন, সে রাজ্য থেকে আধিকারিকরা উন্নয়ন ত্রিপুরায় এসে দেখে যাওয়ার জন্য। তিনি আরো বলেন এখন পর্যন্ত প্রায় ৭০০ কোটি টাকা অতিক্রম করে গেছে উন্নয়নমূলক কাজের ভিত্তি প্রস্তর এবং উদ্বোধন করার অনুষ্ঠান। এডিসি -র দিকে গুরুত্ব দিয়ে আর্থিক বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। বর্তমান সরকার উন্নয়ন ছাড়া আর কিছুই দেখেনা। সেই লক্ষণে কাজ করছে সরকার। মুখ্যমন্ত্রীর সঙ্গে এদিন এছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, পূর্ত দপ্তরের সচিব কিরণ গিত্যে, শৈলেশ কুমার যাদব সহ অন্যান্য আধিকারিক।

