স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১২ জুলাই : বন্ধ করা হল ঊনকোটি জেলা হাসপাতাল কোয়ার্টার কমপ্লেক্সের পিছনে অবস্থিত বিতর্কিত বিটুমিনাস প্ল্যান্ট। হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের অভিযোগ ছিল, এই প্ল্যান্ট থেকে নির্গত কালো ধোঁয়ায় তাঁরা অসুস্থ হয়ে পড়ছেন এবং শিশুদের জন্য তা অত্যন্ত বিপজ্জনক।হাসপাতালের মেডিকেল সুপার ডাঃ রোহন পাল একাধিকবার জেলা প্রশাসন ও পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ বোর্ডকে অবহিত করার পরও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। অবশেষে শুক্রবার সাংবাদিক সম্মেলনে ডাঃ পাল সরব হন।
তাঁর বক্তব্য, এই ধোঁয়ায় শিশুদের ক্যান্সার পর্যন্ত হতে পারে। সংবাদ মাধ্যমে সংবাদ পরিবেশন হতেই শনিবার সকালে মহকুমা শাসক বিপুল দাস, ডিসিএম মতিরঞ্জন দেববর্মা, মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার ও দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের প্রতিনিধিরা ঘটনাস্থলে গিয়ে প্ল্যান্টটি বন্ধ করে দেন। প্ল্যান্টের মালিক আব্দুল মান্নান দাবি করেছেন, এটি বিগত ১৪ মাস ধরে বন্ধ এবং সম্প্রতি এক ঠিকাদার মাত্র তিন দিনের জন্য ব্যবহার করেছেন। প্ল্যান্ট বন্ধ হওয়ায় হাসপাতাল কর্মীদের মধ্যে স্বস্তির বাতাবরণ তৈরি হয়েছে। তাঁদের কথায়—এবার অন্তত নিঃশ্বাস ফেলার সুযোগ মিলবে।

