স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৫ মার্চ :রাজনৈতিক প্রতিহিংসার জেরে দুটি কুকুর ছানাকে নৃশংস ভাবে হত্যা করল দুই প্রতিবেশী। ঘটনা কদমতলা থানাধীন কুর্তি গ্রাম পঞ্চায়েতের ছয় নং ওয়ার্ডের মধ্য রাজনগর এলাকায়। জানা গেছে, মধ্য রাজনগর এলাকার বাসিন্দা ইকবাল আহমেদের দুটি কুকুর ছানা খেলা করতে বাড়ির পাশের কৃষি জমিতে গেলে তাদেরকে নৃশংসভাবে লাঠি দিয়ে প্রহার করে হত্যা করা হয়।অভিযোগ উঠেছে প্রতিবেশী জাকির হোসেন ও সিরাজ উদ্দিনের বিরুদ্ধে। এদিকে ইকবাল আহমেদ জানান, কুর্তি গ্রাম পঞ্চায়েতটি বছরের পর বছর ধরে বামফ্রন্টের দখলে। আর তিনি বাম বিরোধী তথা বিজেপি দলের একজন সক্রিয় কর্মী।
তাছাড়া তিনি প্রাক্তন কদমতলা মন্ডলের সংখ্যালঘু মোর্চার সাধারণ সম্পাদকও ছিলেন।আর বিরোধী দল করার অপরাধে বিগত দিনে দুষ্কৃতী দ্বারা তার TR 02 A 2993 নম্বরের অটো গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। ঘরে ডাকাতি করে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি করা হয়। পুকুরে বিষ ও আগর গাছ চুরি করানো হয়। এমনকি তাকে মিথ্যে মামলায়ও ফাঁসানো হয়। এবার ছাগল খাওয়ার অভিযোগ তুলে তার দুটি দুই মাসের দুধের কুকুর ছানাকে নৃশংসভাবে হত্যা করেছে বলে অভিযোগ। পরে দুটি কুকুর ছানাকে হত্যার সুবিচার চেয়ে কদমতলা থানায় লিখিত আকারে অভিযোগ করে সুষ্ঠ বিচারের দাবি জানিয়েছেন।

