স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৪ মে : ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে গত ১২ বছরে দেশের হাল-হাকিকত নিয়ে আন্দোলনে নামতে চলেছে কংগ্রেস। রবিবার প্রদেশ কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলন করে প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী আন্দোলনের ঘোষণা দেন। তিনি জানান, গত ১২ বছরে কোন প্রতিশ্রুতি পালন করেনি সরকার। কর্মসংস্থান, কালো টাকা উদ্ধার, দ্রব্য মূল্য হ্রাস করা থেকে শুরু করে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়ে সরকারের প্রতিষ্ঠিত হয়েছিল, সেগুলি কোনটাই রাখেনি।
বরং কালো টাকা উদ্ধারের নাম করে নোট বন্দি করে দেশের ৩ লক্ষ কোটি টাকা অর্থনৈতিক ক্ষতি করেছে বর্তমান সরকার। দেশে কল কারখানার সংখ্যা দিন দিন কমেছে। বেকারত্বের সংখ্যা বেড়েছে। জিএসটি থেকে সাড়ে পাঁচ লক্ষ কোটি টাকা জালিয়াতিদের লুট করার সুযোগ করে দিয়েছে। দ্রব্যমূল্য বৃদ্ধি করার সুযোগ করে দিয়েছে। আর দ্রব্যমূল্য বৃদ্ধির আবাস পেয়ে বড় বড় বাণিজ্যিক সংস্থাগুলি প্যাকেটজাত দ্রব্য গুলি মধ্যে মূল্য স্থির রেখে পরিমাণ হ্রাস করেছে। এখন পেট্রোল, ডিজেল সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য বৃদ্ধি পাচ্ছে।
গত ১২ বছর ধরে প্রকৃত অর্থে এই বিজেপি সরকার কি করেছে তা জানতে চায় কংগ্রেস। তাই রাজ্যের জ্বলন্ত সমস্যাগুলি সহ ১২ বছরে কি কাজ হয়েছে সে প্রশ্ন তুলে আন্দোলনে নামবে কংগ্রেস। প্রথম পর্যায়ে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত রাজ্যব্যাপী আন্দোলন করবে কংগ্রেস। বাজার হাটে এবং স্টেট কর্নারে বাজার সভা থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মানুষকে সঙ্গে নিয়ে প্রশ্ন তুলবে বলে জানান তিনি। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য নেতৃত্ব।

