স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ অক্টোবর : আগরতলা শহরতলী নন্দনগর দেবনাথ পাড়ায় খাদ্য দপ্তরের একটি চালের গোডাউন রয়েছে। সঠিক ভাবে পরিচর্চার অভাবে এই গোডাউন থেকে এলাকায় প্রতিনিয়ত পোকামাকড় ছড়াচ্ছে। পোকামাকড়ের যন্ত্রণায় অতিষ্ঠ এলাকার লোকজন। এলাকাবাসিরা এই নিয়ে বহুবার চালের গোডাউনে কর্মরত আধিকারিকদের অবগত করেছে।
কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। এক প্রকার বাধ্য হয়ে বুধবার এলাকার লোকজন চালের গোডাউনের সামনে প্রতিবাদে সরব হয়। তখন চালের গোডাউনে কর্মরত আধিকারিকরা এলাকাবাসিদের সাথে বাক যুদ্ধে লিপ্ত হয়। এই খবর জানতে পেরে সংবাদ প্রতিনিধিরা পেশাগত দায়িত্ব পালন করার জন্য ঘটনাস্থলে ছুটে যায়। সাংবাদিকরা মোবাইলের ক্যামেরা দিয়ে ঘটনার ভিডিও করার সময় তেলে বেগুনে জ্বলে উঠেন চালের গোডাউনে কর্মরত এক আধিকারিক। তিনি উন্মত্ত ষাঁড়ের ন্যায় তেরে আসেন সংবাদ প্রতিনিধির দিকে। কেন মোবাইলে ভিডিও রেকর্ড করছে এই প্রশ্ন করে সংবাদ প্রতিনিধির হাত থেকে মোবাইল ছিনিয়ে নিয়ে যান এই আধিকারিক বলে অভিযোগ। একজন সরকারি আধিকারিক সংবাদ প্রতিনিধির হাত থেকে মোবাইল ছিনিয়ে নেওয়ার এক্তিয়ার রয়েছে কিনা তা খাদ্য দপ্তরের আধিকারিকরা ভালো ভাবে বলতে পারেন। কিন্তু একটা বিষয় স্পষ্ট সাংবাদিককে পেশাগত দায়িত্ব পালনে বাধা দান করে অপরাধ করেছেন ঐ আধিকারিক।
এইদিন এলাকার লোকজন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান চালের গোডাউনের পোকা তাদের বাড়ি ঘরে ছড়িয়ে পড়েছে। ভাতের থালা, তারকারি এমনকি বিছানায় পর্যন্ত পোকা পড়ে থাকে। চালের গোডাউনের আধিকারিকদের বারে বারে জানানোর পরেও কাজের কাজ কিছুই হচ্ছে না। পোকার যন্ত্রণায় তারা বাড়ি ঘরে থাকতে পারছেন না বলে জানান। এইদিন এলাকাবাসীরা এক প্রকার হুমকি দিয়ে বলেন সমস্যার সমাধান না হলে আগামী দিনে তারা সড়ক অবরোধে সামিল হবে। প্রয়োজনে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবে তারা। এখন দেখার দপ্তর সমস্যা সমাধানের জন্য উদ্যোগ গ্রহণ করে কিনা।

