স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ মে : আগরতলা রেল স্টেশন থেকে আবারো বাংলাদেশী তিন মহিলা সহ এক যুবককে আটক করল রেল পুলিশ। আগরতলা সরকারি রেল পুলিশ থানার ওসি তাপস দাস জানান বৃহস্পতিবার রেল পুলিশের নিকট গোপন সংবাদ আসে বেশ কয়েকজন বাংলাদেশী নাগরিক ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেসে করে বহিঃরাজ্যে যেতে পারে।
এই সংবাদের উপর ভিত্তি করে সাদা পোষাকে রেল পুলিশ আগরতলা রেল স্টেশনের বিভিন্ন স্থানে ওত পেতে বসে। সেই সময় রেল পুলিশ লক্ষ্য করে তিন মহিলা সহ এক পুরুষ লোক দ্রুত গতিতে ১ নং প্ল্যাটফর্মের দিকে যাচ্ছে। সাথে সাথে রেল পুলিশ সন্দেহজনক তাদেরকে আটক করে। তাদের জিজ্ঞাসাবাদ চালানোর পর তারা স্বীকার করে তারা বাংলাদেশী নাগরিক।
ধৃতরা জানিয়েছে তাদের মধ্যে একজন কলকাতা ও ৩ জন দিল্লির উদ্দেশ্যে যাচ্ছিল। ধৃত যুবকের নাম শুকলাল দেবনাথ। তার বাড়ি বাংলাদেশের চট্টগ্রামে। ধৃত মহিলারা হল রুজিনা বেগম, বাড়ি বাংলাদেশের নারায়নগঞ্জ, রুমা আক্তার, বাড়ি বাংলাদেশের জামালপুর এবং কাকলি বেগম, বাড়ি বাংলাদেশের জামালপুরে। ধৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। শুক্রবার ধৃতদের আদালতে সোপর্দ করে পুলিশ।

