স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ জানুয়ারি : গোটা রাজ্য ব্যাপী চুরি কান্ড দিন দিন বেড়েই চলছে। বিশেষ করে এয়ারপোর্ট থানা এলাকায় সম্প্রতি কয়েক মাসের মধ্যে বেশ কয়েকটি চুরি কান্ড সংঘটিত হয়। এই সকল চুরি কাণ্ডে পুলিশের ভুমিকা নীরব দর্শকের।
চুরি কান্ড রুখতে, চোর ধরতে সম্পূর্ণ ব্যর্থ এয়ারপোর্ট থানা পুলিশ। এরই মধ্যে মঙ্গলবার গভীর রাতে পুনরায় এক সঙ্গে তিন সরকারি কার্য্যালয়ে চোরের থাবা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনা এয়ারপোর্ট থানাধীন গান্ধীগ্রামে। গান্ধীগ্রাম তহশীল কাছারী, মৎস্য আধিকারিকের কার্য্যালয় বামুটিয়া, ওয়াটার পাম্প ডি ডব্লিউ এস -এ এই চুরির ঘটনা ঘটে। যদিও মৎস্য অধিকারিরের কার্যালয় থেকে কিছু পায়নি চোর চুরি করার জন্য, অন্য দিকে তহশীল কাছারী থেকে কয়েকটি কম্পিউটারের ইউ পি এস নিয়ে যায়।
ওয়াটার পাম্প থেকে ওয়াটার পিউরিফায়ার এবং মূল্যবান কিছু তার চুরি করে নিয়ে যায় চোরের দল। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত জানান। এই চুরির কাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন মোহনপুর মহকুমার ডিসিএম এবং পুলিশ। পুলিশ চুরির মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।

