স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৩০ ডিসেম্বর: সবশেষ লিগ ম্যাচে এভারটনকে ৩-১ গোলে হারানোর আত্মবিশ্বাস নিয়ে শনিবার শেফিল্ড ইউনাইটেডের মুখোমুখি হবে সিটি। বর্তমানে ১৮ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে টেবিলে চতুর্থ স্থানে আছে তারা। এক ম্যাচ বেশি খেলা লিভারপুল শীর্ষে আছে ৪২ পয়েন্ট নিয়ে।চলমান লিগে সিটি ম্যাচ হেরেছে ৩টি, ড্র করেছে চারটি। গত অক্টোবরের পর থেকে জাল অক্ষত রাখতে পারেনি তারা। গুয়ার্দিওলার মনে হচ্ছে, টেবিলের মাঝামাঝি ও নিচের দিকে থাকা দলগুলো শীর্ষ দলগুলোর চলার পথটা এবার কঠিন করে তুলছে। তবে হাল ছাড়তে রাজি নন এই স্প্যানিশ কোচ।
“বড় দলগুলোর বিপক্ষে নিচের দিকের দলগুলো পয়েন্ট ও ফল পাচ্ছে। গত কয়েক মৌসুমে যা খুব বেশি হয়নি, কিন্তু এবার শীর্ষ দলগুলোকে ফল পাওয়ার জন্য সংগ্রাম করতে হচ্ছে।”“তো হাল ছাড়া যাবে না; চালিয়ে যেতে হবে এবং ম্যাচ বাই ম্যাচ ভাবতে হবে। গত কয়েক মৌসুমে আমরা এই পরিস্থিতির সঙ্গে অভ্যস্ত ছিলাম। আমাদের শান্ত থাকতে হবে; বিষয়গুলো বিশ্লেষণ করতে হবে। লিগ অনেক দীর্ঘ, আরও অনেক, অনেক বিষয় আছে। ম্যান সিটির সঙ্গে…অনেক কিছু ঘটতে যাচ্ছে।”গুয়ার্দিওলার ভাবনায় তাই আপাতত শেফিল্ড ম্যাচ, যাদেরকে প্রিমিয়ার লিগে আগের ছয় দেখার সবগুলোতে হারিয়েছে তারা। তবে এ ম্যাচেও আর্লিং হলান্ড, কেভিন ডে ব্রুইনে, জেরেমি ডোকু ও জন স্টোন্সকে পাবে না সিটি। সবাই চোটে ভুগছেন।
চলতি লিগে গোলদাতার তালিকায় শীর্ষে থাকা হলান্ড (১৪টি) সিটির সবশেষ ৬ ম্যাচে খেলতে পারেননি। তবে হলান্ডকে ছাড়াই এভারটনকে উড়িয়ে দেয় সিটি।এভারটন ম্যাচের পর দলে কিছু বদলায়নি বলেও জানালেন সিটি কোচ। গত মৌসুমে ট্রেবল সহ এই বছরে মোট পাঁচটি শিরোপা জিতেছে দলটি। তবে ২০২৩ সালটা তাদের জন্য আরও ভালো হতে পারত বলে মনে করেন তিনি।“(এই বছরে দলের যাত্রা) সব মিলিয়ে মন্দ নয়, তবে আরও ভালো হতে পারত। সবসময়ই আরও ভালো হতে পারে বিষয়গুলো। খুব বেশি লোভীও হওয়া যাবে না। যখন আমরা একটা ম্যাচ হারি, শিরোপা থেকে দূরে সরে যাই। একটা ম্যাচ জিতলে লড়াইয়ে থাকি-বিষয়টি বাকি (শিরোপার) দাবিদারদের বেলায়ও একই।”“সবকিছুই ঘটতে পারে; হয়ত আমাদের (কিছু ম্যাচের) ফল প্রত্যাশা অনুযায়ী হয়নি।”

