স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ জুলাই : নেশা মুক্ত সমাজ গড়ার উপরে জোর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমাজ কিভাবে নেশা মুক্ত করা যায় সে বিষয় নিয়ে কার্যকর্তাদের সওয়াল করেন তিনি। এদিন ৩২ নং ওয়ার্ডের ফ্যান্ডস ইউনিয়ন ক্লাবে মন কি বাত অনুষ্ঠান শুনতে যান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সঙ্গে ছিলেন মেয়র দীপক মজুমদার। ২২ নং বুথের কার্যকর্তাদের সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রী এদিন মন কি বাত শুনে সাংবাদিকদের বলেন, আজকে প্রধানমন্ত্রীর মন কি বাতের ১০৩ তম পর্ব ছিল।
আজাদি কা অমৃত মহোৎসব তথা স্বাধীনতা দিবসকে সামনে রেখে, শহীদ বীর বীরাঙ্গনাদের প্রতি সম্মান জানানোর লক্ষ্যে শুরু হতে চলা “মেরি মাটি যেরা দেশ” অভিযান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর মধ্যে প্রধানমন্ত্রী নেশা মুক্তের বিষয়ে তুলে ধরেছেন। ত্রিপুরা সরকার নেশা মুক্ত ত্রিপুরা গড়তে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। শনিবার আইনজীবীদের কাছে অনুষ্ঠানের মাধ্যমে বলা হয়েছে এন ডি পি এস ধারায় যাতে দোষীরা জামিন না পায় সেদিকে গুরুত্ব দিতে, আজকে প্রধানমন্ত্রীও সে বিষয়ে গুরুত্ব দিয়েছেন। কারণ প্রজন্মের পর প্রজন্ম নষ্ট হয়ে যাচ্ছে এই নেশার কারণে। নেশার দ্বারা শুধু অভিযুক্তই খারাপ হচ্ছেনা, সমাজ এবং তাদের পরিবারও নষ্ট হয়ে যাচ্ছে। আসাম মিজোরাম এবং ত্রিপুরাকে কাজে লাগিয়ে এই নেশা দেশের অন্যান্য রাজ্যেও যাচ্ছে। তাই কঠোর হস্তে মোকাবিলা করার জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান মু্খ্যমন্ত্রী।

