স্যন্দন ডিজিটেল ডেস্ক,১৯ জুলাই: যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, ক্যাপিটল হিলে ২০২১ সালের ৬ জানুয়ারির দাঙ্গা এবং ২০২০ সালের নির্বাচনী ফলকে চ্যালেঞ্জ করার চেষ্টার ঘটনার ফেডারেল তদন্তে তিনি গ্রেপ্তার হতে পারেন।মঙ্গলবার ট্রাম্প তার ট্রুথ স্যোশাল প্ল্যাটফর্মে জানান, বিশেষ কাউন্সেল জ্যাক স্মিথের কাছ থেকে তিনি গত রোববার রাতে একটি চিঠি পেয়েছিলেন। তাতে জানানো হয়েছিল, ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফল উল্টে দেওয়ার চেষ্টার ঘটনায় তিনি গ্র্যান্ড জুরির তদন্তের টার্গেট।অর্থাৎ, ট্রাম্পের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনতে কাজ করছেন কৌঁসুলিরা। তেমন হলে ট্রাম্প কেন্দ্রীয় সরকারের ফৌজদারি অভিযোগের মুখে পড়তে চলেছেন এমন আলাতম স্পষ্ট।চিঠিতে গ্র্যান্ড জুরির সামনে হাজির হয়ে সাক্ষ্য দেওয়ার জন্য মাত্র ৪ দিন সময় দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন ট্রাম্প। স্বল্প সময়ের এমন সমনের ক্ষেত্রে প্রায় সবসময়ই গ্রেপ্তার কিংবা অভিযোগ দাখিল হয়ে থাকে।সিএনএন লিখেছে, ট্রাম্পের আইনজীবী দল এখনও আনুষ্ঠানিকভাবে এই সমনে সাড়া দেয়নি। তাদের কাছে স্মিথের চিঠি অপ্রত্যাশিত ছিল। স্মিথ যে এ মাসেই এমন পদক্ষেপ নেবেন তা তারা ধারণা করেননি।বিবিসি জানায়, ট্রাম্প গত শরতে আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার ঘোষণা দেওয়ার পরই যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড বিশেষ কাউন্সেল স্মিথকে নিয়োগ দেন।
স্মিথের টীমকে ট্রাম্পের বিরুদ্ধে একাধিক তদন্ত পরিচালনার কাজ দেওয়া হয়েছিল। যার মধ্যে ছিল ট্রাম্প হোয়াইট হাউজ ছাড়ার পর গোপন দলিল বাড়িতে পাওয়ার বিষয়টি ছাড়াও ক্যাপিটল ভবনে হামলার ঘটনা এবং ট্রাম্প ও তার উপদেষ্টাদের ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনী ফল উল্টে দেওয়ার চেষ্টার ঘটনাও।গত বছর ৬ জানুয়ারিতে মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে যৌথ অধিবেশনে ডেমোক্র্যাট জো বাইডেনের নির্বাচনে জয়ের স্বীকৃতির প্রক্রিয়া চলার সময় রিপাবলিকান দলের তৎকালীন পরাজিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের কট্টর সমর্থকরা ভবনটিতে হামলা চালায়।এতে পুলিশসহ অন্তত পাঁচ জন নিহত হয়েছিলেন। ট্রাম্প-সমর্থকদের নজিরবিহীন ওই তাণ্ডবে হতভম্ব হয় যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বের মানুষ। এই হামলাকে যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের ওপর বড় ধরনের আঘাত বলে বর্ণনা করেন অনেকেই।দাঙ্গার ঘটনাকে ‘অভ্যুত্থানচেষ্টা’ বলে অভিহিত করেছেন অনেক আমেরিকান রাজনীতিবিদ। বিষয়টি নিয়ে একবছরের বেশি সময় ধরে তদন্ত করেছে ডেমোক্র্যাটিক নেতৃত্বাধীন প্রতিনিধি পরিষদের (হাউজ অফ রিপ্রেজেন্টেটিভস) সিলেক্ট কমিটি।

