স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ জুলাই : গোপন খবরের ভিত্তিতে সাফল্য পেল এনসিসি থানার পুলিশ। নিয়মিত অভিযান না থাকার কারণে শহরে ড্রাগস মাফিয়াদের উৎপাত ক্রমশ বেড়ে চলেছে। এরই মধ্যে এলাকাবাসীর কাছ থেকে অভিযোগ পেয়ে মঙ্গলবার রাতে উজান অভয়নগর নজরুল স্মৃতি বিদ্যালয়ের সামনে থেকে সাতজন ড্রাগ প্যাডেলারকে গ্রেফতার করে এনসিসি থানার পুলিশ। পুলিশের কাছ থেকে জানা যায়, গোপন সূত্রের খবরের ভিত্তিতে পুলিশ জানতে পারে সেই এলাকায় ড্রাগস আদান প্রদান করা হবে বিক্রির উদ্দেশ্যে। সেই মোতাবেক উৎপেতে বসে পুলিশ।
অবশেষে মেলে সাফল্য। আটক করা হয় সাত ড্রাগ প্যাডেলারকে। তাদের কাছ থেকে নাম্বারবিহীন একটি অটো গাড়ি, নগদ ৩ হাজার টাকা ও তিনটি মোবাইল বাজেয়াপ্ত করা হয়। উদ্ধার হয় ২০০ কৌটা ও এক কেইস ব্রাউন সুগার। আটক ব্রাউন সুগারের বাজার মূল্য প্রায় আড়াই লক্ষ টাকা। মোট ৬ লক্ষ টাকার সামগ্রী আটক করা হয়। বুধবার তাদেরকে আদালতে সোপর্দ করা হবে বলে জানান এসএসসি পি এস এর ওসি সুশান্ত দেব। তবে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে গোটা গ্যাং কতটা জালে তুলতে সক্ষম হবে সেটাই এখন বড় বিষয়।

